করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় টহল শুরু করেছে সেনাবাহিনী। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে সেনাবাহিনীর ৩টি দল উপজেলার বিভিন্ন স্থানে টহল দিচ্ছেন।
সামাজিক দূরত্ব ও সতর্কতা নিশ্চিত, জনসমাগম রোধ এবং বিদেশফেরতদের হোম কোয়ারেন্টিন নিশ্চিতে কাজ করছেন তারা। এছাড়া পুলিশের একাধিক টিমও মাঠ পর্যায়ে সক্রিয় রয়েছেন।
বুধবার (২৫ মার্চ) সকাল থেকে উপজেলার প্রতিটি এলাকায় টহল শুরু করেন সেনা সদস্যরা।
এ সময় তারা বিভিন্ন পাড়া মহল্লায় গিয়ে অযথা রাস্তায় অবস্থান না নিতে জনগণের প্রতি আহ্বান জানান। ভিড় এড়িয়ে বাসায় ফিরে যেতে বলেন। প্রথম পর্যায়ে অনুরোধ করলেও পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন সেনা সদস্যরা।
জানা যায়, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করা, বিদেশ ফেরত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বাধ্য করা, কোথাও যেন জনসমাগম না হয়, কেউ যাতে খাদ্য মজুত করে কৃত্রিম সঙ্কট তৈরি করতে না পারে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেন কেউ বাড়াতে না পারে ও সতর্কতামূলক ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে প্রশাসনকে সহায়তা করতে সেনা সদস্যদের দায়িত্ব দেয়া হয়েছে।
এদিকে সেনাবাহিনীর টহলের পর থেকে পুরো রাঙ্গুনিয়া জুড়ে অঘোষিত লকডাউন অবস্থা বিরাজ করছে। কাঁচাবাজার, মুদি দোকান, ফার্মেসি ও হাসপাতাল ছাড়া অন্যান্য সব ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ ছিল। সকাল থেকেই উপজেলার প্রতিটি বাজার, স্টেশন অনেকটা মানবশূণ্য ছিল।
ইউএনও মো. মাসুদূর রহমান জানান, উপজেলার কোথাও যাতে বেশি লোক জড়ো না হয় এবং জরুরি প্রয়োজনে বের হওয়া লোকজন যাতে নির্দিষ্ট দূরত্ব মেনে চলাফেরা করে- সেটা নিশ্চিত করছে সেনাবাহিনী। এছাড়া সব প্রবাসীদের হোম কোয়ারেন্টিন নিশ্চিতেও সেনাবাহিনীর মাধ্যমে কাজ করা হচ্ছে।








