বিশ্বব্যাপী মহামারি ‘করোনা’ ভাইরাস প্রতিরোধ করতে ওমান প্রবাসীদের মাঝে সচেতনতা সৃষ্টি করতে নানা উদ্যোগ নিয়েছে ওমান সরকারের অনুমোদিত একমাত্র সংগঠন ‘বাংলাদেশ সোস্যাল ক্লাব’। সংগঠনটির নেতৃবৃন্দ শনিবার সন্ধ্যা থেকে বাংলাদেশী অধ্যুষিত এলাকা মাস্কাট সিটির হামেরিয়া, ওয়াদি কবির, মাবেলা, হিলসহ বিভিন্ন জায়গায় প্রবাসীদের মাঝে মাস্ক, সচেতনতার লিপলেট ও হ্যান্ডগ্লাভস বিতরণ করেছে। সাথে সাথে বাংলাদেশীদের মাঝে ওমান সরকারের ঘোষিত করোনা প্রতিরোধে আইন কানুন মেনে চলার অনুরোধ জানানো হয়েছে । একই সাথে কোন প্রবাসীর মাঝে করোনার লক্ষন দেখা দিলে ওমান সরকারের নির্দেশনা মতে তাদের দেয়া হট লাইনে (২৪৪৪১৯৯৯ অথবা ১২১২) ফোন করার আহবান জানান সোস্যাল ক্লাবের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, ক্লাবের সহ সভাপতি রেজাউল করিম, আজিমুল হক বাবুল, সাধারণ সম্পাদক এম.এন আমিন, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন সাংগঠনিক সম্পাদক, আবুল বশর সরকার, ক্রীড়া সম্পাদক সিরাজুল হক(২), সমাজ কল্যাণ সম্পাদক মহসিন আলী সরকার প্রমুখ।
কর্মসূচি পালন শেষে ক্লাবের মিলনায়তনে সভাপতি সিরাজুল হক বলেন, ‘ ওমান সরকারের নির্দেশনা অনুযায়ী সোস্যাল ক্লাব বাংলাদেশীদের মাঝে করোনা সচেতনতায় কাজ করে যাচ্ছে। দু:খের সাথে বলতে হয়, এখনো হামেরিয়াসহ বেশ কিছু এলাকায় মানুষ অবাধে মেলামেশাসহ জটলা বেঁধে অবস্থান করছে; যা ওমান সরকারের দৃষ্টিগোচর হয়েছে। অনুগ্রহ করে নিজের নিরাপদ ও দেশের ভাবমূর্তি রক্ষা করতে সরকারের নির্দেশনা মেনে চলুন। ‘

