নিউজটি শেয়ার করুন

সিএমপি ট্রাফিকের উদ্যোগ: শহরের সবগুলো পুলিশ বক্সে থাকবে ফ্রি মাস্ক

নিজস্ব প্রতিবেদক: করোনার শুরু থেকে নানা উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। তারই ধারাবাহিকতায় এবার সিএমপি’র উদ্যোগে নগরীর সবগুলো ট্রাফিক পুলিশ বক্সে ফ্রি মাস্ক রাখা হবে বলে সিএমপি ট্রাফিক বিভাগ থেকে জানানো হয়েছে।

মঙ্গলবার (২৯ জুন) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার শ্যামল কুমার নাথের নেতৃত্বে নগরবাসীকে ১ জুলাই থেকে কঠোর লকডাউনের ব্যাপারে অবগত করতে এবং স্বাস্থ্য সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রাম ট্রাফিক পুলিশের উদ্যোগে নগরীর গুরুত্বপূর্ন মোড় গুলোতে ফ্রি মাস্ক ও সেনিটাইজার বিতরণ কর্মসূচী পালন করা হয়েছে। যেখানে শ্যামল কুমার নাথ বলেন, করোনার সচেতনতা সৃষ্টির জন্যে আজ থেকে নগরীর সবগুলো ট্রাফিক পুলিশ বক্সে ফ্রি মাস্ক থাকবে।

তিনি আরো বলেন, লকডাউনের সময় জরুরি প্রয়োজনে যারা বের হবেন তাদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে বের হতে হবে। এটাই সরকারী নির্দেশনা। পাশাপাশি করোনার এই ক্রান্তিকালে বাংলাদেশ পুলিশের শ্লোগান হচ্ছে মাস্ক পড়ার অভ্যেস করোনামুক্ত বাংলাদেশ। মুলত শ্রমজীবী মানুষদের পাশাপাশি যারা জরুরি প্রয়োজনে বের হচ্ছেন তাদেরকে সচেতন করতেই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের আজকের এই উদ্যোগ। তবে আমরা আজকে সবাইকে সচেতন করলেও সামনে আরো বেশি কঠোর হবো।

এসময় সেখানে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ উত্তর জোনের উপ-কমিশনার মুহাম্মদ আলী হোসেন বলেন, নগরীতে আমাদের সবগুলো ট্রাফিক পুলিশ বক্সে মাস্ক থাকবে। যদি কেউ বাসা থেকে মাস্ক নিয়ে বের হতে ভুলেও যান আমাদের ট্রাফিক পুলিশ বক্সে এসে মাস্ক চাইলেই তারা সেখান থেকে মাস্ক পাবে। তবে আমাদের অনুরোধ থাকবে সবাই যেন জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হওয়ার সময় অবশ্যই অবশ্যই মাস্ক পড়ে বের হন।

উল্লেখ্য, সোমবার (২৮ জুন) থেকে কঠোর লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। জরুরি পরিষেবা ছাড়া এবার আর কিছুই খোলা থাকবে না। অকারণে মানুষ ঘর থেকে বেরও হতে পারবে না। পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনও গণমাধ্যমকে জানান, লকডাউন এতটাই কঠোর হবে যে- বাস্তবায়নে সেনাবাহিনী ও বিজিবিও পথে থাকবে।

কিন্তু ২৪ ঘণ্টা না যেতেই প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার আবারও নতুন তথ্য দিয়ে জানান, ২৮ জুন নয়, ১ জুলাই থেকে দেশে সর্বাত্মক লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে উচ্চ পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর মাঝের তিনদিনের সময়টাতে সীমিত লকডাউন চলবে।