সিপ্লাস ডেস্ক: দেশের বিভিন্ন কারাগারে ২৫ জন কারারক্ষীর দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া চারজন কয়েদি ও একজন কারা চিকিৎসকও করোনায় আক্রান্ত হয়েছেন। তবে এরা সবাই এখনো সুস্থ রয়েছেন। এছাড়াও সংক্রমণের আশঙ্কায় কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে ৩১৬ জন কারারক্ষীকে।
রোববার ( ১০ মে) কারা অধিদপ্তরের এআইজি মুহাম্মদ মঞ্জুর হোসেন গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, কারাগারে করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে সবধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় দুজন কারারক্ষী এবং দুজন কয়েদি নতুন করে আক্রান্ত হয়েছেন। সবমিলয়ে মোট ২৫ জন কারারক্ষী করোনায় আক্রান্ত হয়েছেন। এদের ভেতরে মোট তিনজন কারারক্ষী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
মুহাম্মদ মঞ্জুর হোসেন বলেন, ‘করোনা পজেটিভ আসা কয়েদি দুজনের একজন বিনাশ্রম সাজাপ্রাপ্ত, আরেকজন বিচারাধীন। একজন কেরানীগঞ্জ কারাগারের বন্দি, তিনি মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে। অপরজন পঞ্চগড় কারাগারের বন্দি, তিনি রংপুর মেডিকেলে চিকিৎসাধীন আছেন। এ ছাড়া আক্রান্ত কারারক্ষিও আইসোলেশনে থেকে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
তিনি আরো বলেন, করোনা সন্দেহে মোট ৩১৬ জন কোয়ারেন্টিনে আছেন। এদের ভেতরে ঢাকা বিভাগে ৪১ জন কারারক্ষী এবং ১৫জন বন্দি আছেন। সিলেট বিভাগে একজন কারারক্ষী ও একজন হিসাবরক্ষক, রংপুর বিভাগে ১৪ জন কারারক্ষী এবং ২১০জন বন্দি, বরিশাল বিভাগে একজন কারারক্ষি, চট্টগাম বিভাগে আটজন কারারক্ষী এবং ২৮জন বন্দি কোয়ারেন্টিনে রয়েছেন।








