পটিয়া প্রতিনিধিঃ দক্ষিণ চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অভিযান চালিয়ে ১৩ হাজার ৬৭০ পিস ইয়াবাসহ তিন ইয়াবা কারবারিকে আটক করেছে র্যাব। গতকাল সোমবার রাতে কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকায় চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।
এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন,কক্সবাজার সদরের ঝিলংজা এলাকার দানু মিয়ার ছেলে দিদারুল আলম (৪৮), শামসুল হকের ছেলে জাহিদুল ইসলাম (১৮) ও আমজাদ উল্লাহর ছেলে মো. সোয়েব (২২)।
আজ মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান বলেন, কক্সবাজার থেকে কার ও মাইক্রোবাস করে চট্টগ্রামে ইয়াবা আসছে এমন খবর পেয়ে কর্ণফুলীর শিকলবাহা এলাকায় চেকপোস্ট বসানো হয়।
এ সময় র্যাব একটি কার ও মাইক্রোবাসকে সংকেত দিলে চালক গাড়ি না থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে র্যাব ধাওয়া দিয়ে গাড়ি দুটি আটক করে। পরে গাড়ির ভেতরে থাকা তিন ব্যক্তিকে আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে ১৩ হাজার ৬৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক তিনজনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।

