সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগরে কবরস্থানের জায়গা দখল ও বেড়িবাঁধ সড়কে পাকা দেয়াল নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় গ্রামবাসি।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর এলাকায় স্থানীয়দের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা নারী ভাইস চেয়ারম্যান বানাজা বেগম, চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ আবু তাহের, আবদুর রাজ্জাক মেম্বার, খোয়াজনগর ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু তাহের, জাহাঙ্গীর আলম পাটোয়ারী মেম্বার, চরপাথরঘাটা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা হাজী মোহাব্বত আলী, ইছানগর ওয়ার্ড় আওয়ামীলীগের সভাপতি আলী হায়দার, সাবেক ইউপি সদস্য ছমি উদ্দিন, ইছানগর সাম্পান চালক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, চরপাথরঘাটা ইউনিয়ন ছাত্রলীগের সাবেব সাধারণ সম্পাদক আরমান হায়দার প্রমূখ।
মানববন্ধনে বক্তারা জানান, ইউনিয়নের দুই গ্রামের অন্তত দুই হাজার জনসাধরণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে কবরস্থানের জায়গা দখল ও বেড়িবাঁধ সড়কে পাকা দেয়াল নির্মাণ করেছে স্থানীয় মাজহারুল ইসলামের পুত্র ফখরুল ইসলাম পাপ্পু ও মো. আশিক। এতে করে মৃত মানুষের মরদেহ কবর দিতে বিপাকে পড়েছেন ভূমিহীন দরিদ্র জনগোষ্টির মানুষজন। এতে এলাকাবাসী ক্ষোভে ফেটে উঠেছে। এলাকায় উত্তেজনা বিরাজ করলে কর্ণফুলী থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নে ইছানগর ৮ নম্বর ওর্য়াড় বেড়িবাধঁ সড়ক দিয়ে প্রতিদিন ইছানগর ও খোয়াজনগর গ্রামের অন্তত দুই হাজার লোকজন যাতায়ত করেন। সাবেক ওয়ার্ড কমিশনার মাজহারুল ইসলামের খামার বাড়ীর কাছে বেড়িবাধঁ সড়কের পার্শ্বে খাল পাড়ে একটি কবরস্থান রয়েছে। করবস্থান নেই এমন দরিদ্র মানুষজন লাশ ও বেওয়ারিশ লাশ দাফন করে আসছিল। গত বছর করোনায় মাজহারুল ইসলাম মারা যান। এরপর তাঁর দুই পুত্র ফকরুল ইসলাম পাপ্পু ও মো. আশিকের লোলুপ দৃষ্টি পড়ে কবরস্থানটিতে। তাঁরা কবরস্থানের জায়গাটি দখলে নিতে মরিয়া হয়ে উঠে। লোহার জাল দিয়ে করবস্থানটি ঘিরে ফেলে। এরপর গত জুন মাসে লোকজনের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে বেড়িবাধঁ সড়কে করে পাকা দেয়াল নিমার্ণ করতে গেলে এলাকাবাসী বাধা দেয়।
এ বিষয়ে ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ করেন স্থানীয়রা।
অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় ইছানগর ৮ নম্বর ওর্য়াড ইউপি সদস্য আবু তাহের এবং ৯ নম্বর ওর্য়াড ইউপি সদস্য আবদুর রাজ্জাক গিয়ে দেয়াল নির্মাণ বন্ধ করে দেন। কিন্তু রাতে আধাঁরে একই সড়কে দেয়াল নির্মাণ করেন তারা।
স্থানীয় ইছানগর ৮ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য আবু তাহের বলেন, এ সড়কটি গ্রামের অন্তত দুই হাজার জনসাধরণের চলাচলের প্রধান সড়ক। কবরস্থান দখল নিতে কমিশনার পুত্ররা এখন সড়কটিতে পাকায় তুলে দেয়ার কারণে চলাচল দূরুহ হয়ে পড়েছে। কবরস্থানটিতে আমাদের মুরব্বীদের কবর রয়েছে। এখন জেয়ারত করতে কবরস্থানেও যেতে পারছি না।

