সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে কর্ণফুলীর তলদেশে উচ্চক্ষমতা সম্পন্ন একটি মর্টার শেল পাওয়া গেছে। জেলেদের জালে আটকে যাওয়া মর্টার শেলটি নিষ্ক্রিয় করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
সোমবার (০১ মার্চ) দুপুর ২টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর এলাকার বালুর মাঠে সেটির আনা হয়। পরে বিস্ফোরণ ঘটায় সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ টিম।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ জানান, গত শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে কর্ণফুলী নদীতে ফিশিং বোটে করে মাছ শিকারে যাওয়া জেলেদের জালে মর্টার শেলটি আটকে যায়। প্রায় ৩৫ কেজি ওজনের মর্টার শেলটি তারা লোহার সিলিন্ডার ভেবেছিলেন। ইছানগর এলাকায় একটি ভাঙ্গারির দোকানে শনিবার রাতে তারা সেটি বিক্রি করতে যায়।
কিন্তু ভাঙ্গারির দোকানের মালিক দেখেই বুঝতে পারেন যে, সেটি বিস্ফোরক জাতীয় কিছু। তখন তিনি ৯৯৯ নম্বরে কল করে বিষয়টি জানান।
‘খবর পেয়ে আমরা ওই দোকানে গিয়ে মর্টার শেলটি উদ্ধার করে ইছানগরে এস আলম বালুর মাঠে নিয়ে যাই। গতকাল (রোববার) সিএমপির বোম্ব ডিজপোজাল ইউনিট ও সোয়াট টিম গিয়ে সেটি পরীক্ষা করে। কিন্তু মর্টার শেলটি এত উচ্চক্ষমতার সক্রিয় বিস্ফোরক যে, সেটি তাদের পক্ষে নিষ্ক্রিয় করা সম্ভব ছিল না। সেজন্য আমরা সেনাবাহিনীকে চিঠি দিই। আজ (সোমবার) সেনাবাহিনীর একজন ক্যাপ্টেনের নেতৃত্বে টিম এসে সেটির বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেছে।
মর্টার শেলটি দীর্ঘদিনের পুরনো জানিয়ে তিনি বলেন, ‘সম্ভবত মুক্তিযুদ্ধের সময় সেটি নদীতে ফেলা হয়। অথবা এরও আগে হতে পারে। তবে সেটি এতই শক্তিশালী যে বিস্ফোরণের পর বিস্ফোরণস্থলে প্রায় সাত ফুট গর্ত হয়ে গেছে।








