Site icon CPLUSBD.COM

কর্ণফুলীতে ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় গ্রেফতারকৃতরা তিনদিনের রিমান্ডে

সিপ্লাস প্রতিবেদক: কর্ণফুলী উপজেলার ইছানগরে নারী ইউপি সদস্যের অস্থায়ী কার্যালয়ে রাজমিস্ত্রি নুরুল আলমের (৪৫) ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় ইউপি সদস্য আছিয়া বেগমসহ গ্রেফতারকৃত তিনজনের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

সোমবার(১৯ জুলাই) বিকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সরোয়ার জাহান আসামীদের বিরুদ্ধে পুলিশের করা ৫ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে শুনানী শেষে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার আদালত সেরেস্তা এএসআই মনি আক্তার।

এ মামলায় গ্রেফতারকৃতরা হলেন, ইউপি সদস্যা আছিয়া বেগম (৫৫), তার ভাই নাছির আহমদ (৬০) ও মো. পারভেজ (২৩)। এছাড়া একজন পলাতক রয়েছেন।

এদিকে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, এই ঘটনায় পুলিশের তদন্তও অব্যাহত রয়েছে এবং পলাতক আসামি নাছিরকেও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।