কর্ণফুলী নদীতে নিখোঁজ হওয়ার তিন দিন পর নুর আহমদ মাঝির (৪৫) লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল ৮টায় কর্ণফুলী নদীর দক্ষিণ তীরে শাহ আমানত সেতুর নীচে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করেন কোস্টগার্ড সদস্যরা।
গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে যাত্রী নামিয়ে ফেরার সময় লাইটার জাহাজের ধাক্কায় সাম্পান থেকে ছিটকে পড়ে নিখোঁজ হন মাঝি নুর আহমদ।
তার সাম্পানকে সদরঘাট থানার নগরপ্রান্তের বাংলাবাজার ঘাটের সফি হাজির ঘাট এলাকায় বেপরোয়া গতির এমভি ওয়াটার কিং নামের একটি লাইটার জাহাজ সজোরে ধাক্কা দেয়। এসময় তিনি কর্ণফুলী নদীতে ছিটকে পড়ে নিখোঁজ হন।
ঘটনার পর তাকে উদ্ধারে অভিযান চালায় কোস্টগার্ড, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, শুক্রবার সকাল ৮টায় কর্ণফুলী নদীর দক্ষিণ তীরে শাহ আমানত সেতুর নীচে ভাসমান অবস্থায় নিখোঁজ মাঝির লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।








