নিউজটি শেয়ার করুন

কর্ণফুলীতে ১২ লাইটার জাহাজকে জরিমানা

কর্ণফুলী চ্যানেল দখল করে লাইটার জাহাজ পার্কিং করে রাখায় ১২ জাহাজকে জরিমানা করেছেন বন্দর কর্তৃপক্ষ। ওই জাহাজগুলো থেকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জাহাজগুলো হচ্ছে-এমটি মার্কেন্টাইল-১৯, এমটি শাহ আমানত-২,  এমটি স্কাই,  এমটি সি ভিউ, এমভি ভেনচূড়া-২, এমটি এনার্জি-৪,  এমভি ইউনিকো- ১৫,  এমভি মা আমেনা,  এমটি আমেনা,  এমটি মদিনা -২, এমটি ইমদাদ এবং এমভি তুষার অ্যান্ড শিশির।

নির্বাহী ম্যাজিস্ট্রেটের গৌতম বাড়ৈর নেতৃত্বে মোবাইল কোর্টের মাধ্যমে এ জরিমানা আদায় করা হয়। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দিনব্যাপী এ অভিযান চলে।

আন্তর্জাতিক রুটের জাহাজ চলাচলের স্থানে অবৈধভাবে নোঙর করা লাইটার, অয়েল ট্যাংকার, ওভার লোডিং বাল্ক হেড, ফিশিং ট্রলারকে বেআইনি কর্মকাণ্ডের জন্য ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) নির্বাহী ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ বলেন, ‘কর্ণফূলী চ্যানেলে অবৈধ পার্কিং করার ফলে বিদেশি জাহাজ প্রবেশ করতে পারে না বন্দরে। তাই ১২ জাহাজকে জরিমানা করা হয়েছে। অভিযানে সহযোগিতা করে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই।

অভিযানে বন্দর কর্তৃপক্ষের ডক মাস্টার আবু সুফিয়ান নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে ছিলেন।