কর্ণফুলী প্রতিনিধি: চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নে আবর্জনার স্তুপ থেকে আগুন লেগে ৬টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার (০৫ মে) দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার শিকলবাহা ইউনিয়নের ০২ নং ওয়ার্ডের গোদার পাড়া এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থরা হলেন-নুরুল আকতার, হাসমত আলী, আবুল হোসেন, আনছার ও ওসমান গণি।
স্থানীয় মোঃ আরিফ হোসেন জানান, ঘরের পাশের আর্বজনার স্তুপ থেকে আগুনের সূত্রপাত হলে দ্রুত চারিদিকে আগুন ছড়িয়ে পড়ে। এতে মূহুর্তের মধ্যে ৬টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। আশেপাশে পুকুর থেকে প্রতিবেশীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
স্থানীয়রা জানা যায়, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস আসার আগেই আগুন ৬টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। ধারণা করা হচ্ছে অগ্নিকাণ্ডে প্রায় ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা সুলতানা বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমি সহকারী কমিশনার ভূমি ও স্থানীয় চেয়ারম্যানসহ গিয়ে আমরা অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শন করেছি যাদের ঘরগুলো পুড়েছে তাঁরা অত্যন্ত গরীব মানুষ। সুতরাং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা সহযোগিতা করার চেষ্টা করবো।

