সিপ্লাস প্রতিবেদক: কর্ণফুলী নদী পারাপারের সময় জাহাজের রশিতে আটকে যাত্রীবাহী সাম্পান ডুবির ঘটনায় নিখোঁজ ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ হোসেনের (৫০) লাশ উদ্ধার হয়েছে।
সাজ্জাদ আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের বটতল এলাকার মৃত আবদুল কুদ্দুসের ছেলে। ঢাকা ব্যাংকের আগ্রাবাদ শাখায় কর্মরত ছিলেন তিনি।
নৌ-পুলিশ শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে কর্ণফুলী নদী থেকে তার লাশ উদ্ধার করে।
নৌ-পুলিশের উপ পরিদর্শক (এসআই) নিউটন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ব্যাংক কর্মকর্তার নিখোঁজের বিষয়টি অবগত হয়ে আমরা উদ্ধার কাজ শুরু করি। গত রাত আড়াইটার দিকে তার লাশ কর্ণফুলী নদী থেকে উদ্ধার করা হয়।
গত বৃহস্পতিবার (১২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কর্ণফুলী নদীর বাংলাবাজার ঘাটের নগরপ্রান্তে জাহাজের রশিতে আটকে যাত্রীবাহী একটি সাম্পান ডুবে যায়। এ ঘটনায় ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ হোসেন নিখোঁজ হয়। এতে লায়লা বেগম (৫০) নামের অপর এক যাত্রীর মৃত্যু হয়।








