নিউজটি শেয়ার করুন

কর্মসূচি পালন নিয়ে নগরীতে হেফাজত-আহলে সুন্নত মুখোমুখী

নগরীর অক্সিজেন মোড়ে আগামী (৫ ফেব্রুয়ারি) বুধবার পাল্টা-পাল্টি কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে কওমী মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম এবং সুন্নি পন্থীদের সংগঠন আহলে সুন্নত ওয়াল জামা’আত।

এ নিয়ে অনুমতি চেয়ে দু’পক্ষেই পুলিশের কাছে আবেদন জানিয়েছে।

হেফাজতে ইসলামের দাবি করছে, তারা আগেই শানে রেসালত আয়োজনের জন্য আবেদন জানিয়েছেন।

এদিকে আহলে সুন্নত ওয়ালের দাবি, প্রয়োজনে প্রতিবারের মতো হেফাজতে ইসলাম লালদীঘি ময়দান কিংবা জমিয়াতুল ফালাহ জামে মসজিদ চত্বরে তাদের কর্মসূচি পালন করুক। কিন্তু তারা অক্সিজেন মোড়েই সুন্নি সম্মেলন করবে।

আয়োজনকে পণ্ড করানোর জন্য আহলে সুন্নত ওয়াল জামা’আত পাল্টা কর্মসূচি দিয়েছে অভিযোগ করে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মাইনুদ্দিন রুহী জানান, ৫ ফেব্রুয়ারি অক্সিজেন মোড়ে শানে রেসালত আয়োজনের জন্য হেফাজতের পক্ষ থেকে আগেই পুলিশের কাছে আবেদন জানিয়ে রেখেছে। এই শানে রেসালত অনুষ্ঠানে হেফাজতের আমীর আল্লামা আহমেদ শফি এবং মহাসচিব জুনায়েদ বাবু-নগরী উপস্থিত থাকার কথা রয়েছে।

তারা এখন প্রশাসনের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বলে তিনি জানান।

অন্যদিকে আহলে  সুন্নত ওয়াল জামা’আতের প্রেসিডিয়াম সদস্য স উ ম আবদুস সামাদ বলেন, ‘নগরীর অক্সিজেন মোড় তার পার্শ্ববর্তী পাঁচলাইশ, বায়েজীদসহ পুরো এলাকায় আহলে সুন্নত ওয়াল জামা’আতের শক্ত অবস্থান রয়েছে। একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য হেফাজতে ইসলাম ইচ্ছাকৃতভাবে এখানে কর্মসূচির ঘোষণা দিয়েছে। সংগঠনটি যেহেতু আগে থেকেই নগরীর লালদীঘি কিংবা জমিয়াতুল ফালাহ ময়দানে শানে রেসালতের আয়োজন করেছে, এবার’ও তারা সেখানেই আয়োজন করুক। আমাদের কিছু বলার থাকবে না।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের-সিএমপি নগর বিশেষ শাখার উপ কমিশনার আবদুল ওয়ারিশ বলেন, ‘হেফাজতে ইসলাম বায়েজীদ থানার মোহাম্মদীয়া টেক্সটাইলের সামনে আর আহলে সুন্নত আলপান কমিউনিটি সেন্টারের সামনে কর্মসূচি পালনের আবেদন জানিয়েছেন। একই স্থানে না হলেও কিছুটা দূরত্ব আছে। কিন্তু এটা নিয়ে উত্তেজনার সৃষ্টি হতে পারে। যেহেতু হেফাজতে ইসলাম আগেই আবেদন জানিয়েছে, তাই আমরা অনুরোধ জানিয়েছি আহলে সুন্নতের সুন্নি সম্মেলন একদিন পিছিয়ে নিতে। আমরা এখনো তাদের সিদ্ধান্ত পাইনি।’

বায়েজীদ থানার অফিসার ইনচার্জ প্রিটন সরকার বলেন, ‘আমরা দু’টি আবেদন পেয়েছি। এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি কারা কর্মসূচি পালন করবে।’

প্রসঙ্গত দু’টি সংগঠনই চট্টগ্রাম ভিত্তিক হলেও শুরু থেকে তাদের মধ্যে মারাত্মক বিরোধ রয়েছে। বিশেষ করে ধর্মীয় নানা ইস্যুতে তাদের এই বিরোধ আরো প্রকট আকার ধারণ করে।