Site icon CPLUSBD.COM

কলকাতার গায়ক সাকিকে বিয়ে করলেন এশা ইউসুফ

বরেণ্য নাট্যদম্পতি নাসিরউদ্দিন ইউসুফ ও শিমূল ইউসুফের একমাত্র কন্যা মঞ্চ অভিনেত্রী এবং চলচ্চিত্র নির্মাতা-প্রযোজক এশা ইউসুফ বিয়ে করেছেন কলকাতার জনপ্রিয় ব্যান্ড ক্যাকটাসের গায়ক সাকি ব্যানার্জিকে।

কলকাতার ম্যারিয়ট হোটেলে শুক্রবার সন্ধ্যায় পারিবারিকভাবে সম্পন্ন হয়েছে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাসিরউদ্দিন ইউসুফ ও শিমূল ইউসুফসহ সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, নৃত্যশিল্পী মিনু হক, রবীন্দ্রসংগীতশিল্পী ফারহিন খান জয়িতা, মঞ্চের অভিনেতা মোস্তাফিজ শাহীনসহ দুই পরিবারের সদস্যরা।

বর সাকি ব্যানার্জির সঙ্গে এশার বন্ধুত্ব দীর্ঘদিনের। পারিবারিকভাবেও তারা আগে থেকেই পরিচিত ছিলেন। পরে দুই পরিবারের মধ্যস্ততায় বিয়ের সিদ্ধান্ত হয়।রোববার তারা ঢাকায় ফিরবেন বলে জানা গেছে।

কলকাতার সাংস্কৃতিক অঙ্গনে সাকি ব্যানার্জি পরিচিত মুখ। তিনি গীতকার ও গায়ক। ঢাকাতেও তিনি নিয়মিত আসা-যাওয়া করনে। ঢাকা থিয়েটার প্রযোজিত সেলিম আল দীনের ‘পুত্র’ নাটকটির সংগীতায়োজনে ছিলেন সাকি। অনলাইন প্ল্যাটফর্ম বায়োস্কোপের ‘গার্ডেন গেম’-এর সংগীতায়োজন করেছেন তিনি। পপি ও রিয়াজ অভিনীত এই ওয়েব সিরিজ দর্শকদের মনোযোগ কাড়তে সক্ষম হয়।

বাবা-মায়ের হাত ধরে ঢাকা থিয়েটারের সঙ্গে যুক্ত হন এশা ইউসুফ। মঞ্চনাটক ‘টেম্পেস্ট’, ‘ধাবমান’, ‘পুত্র’ ও ‘আউটসাইডার’-এ অভিনয় করেছেন তিনি। এছাড়াও ‘আয়নাবাজি’, ‘আলফা’ ও ‘গেরিলা’ চলচ্চিত্র প্রযোজনা করেছেন এশা।