সিপ্লাস ডেস্ক: বিশ্বে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। এ ভাইরাস থেকে রক্ষা পেতে একমাত্র পথ হিসেবে এখন পর্যন্ত লকডাউনকেই বেছে নিয়েছে বিশ্বে আক্রান্ত হওয়া সব দেশ।
এ ভাইরাসে আক্রান্ত হওয়া এক একটি দেশ পরিবেশ পরিস্থিতি ভেবে লকডাউনের মেয়াদ বাড়াচ্ছে। এরমধ্যে ভারতে ৪০ দিনের ঘোষিত লকডাউন চলছে। রোববার (১৯ এপ্রিল) ২৬তম দিন পার করছে দেশটি।
গত ১৪ এপ্রিল প্রথম ২১ দিনের লকডাউন শেষে দ্বিতীয় দফার ১৯ দিনের এ কর্মসূচি চলছে যা শেষ হবে আগামী ৩ মে।
কোভিড ১৯ মোকাবেলায় কয়েকটি রাজ্যে কঠোরভাবে লকডাউন পালন করা হলেও অনেক গুরুত্বপূর্ণ শহরে আবার উপেক্ষা হতেও দেখা যাচ্ছে। আর তাই আরো কঠোর হচ্ছে প্রশাসন। নামানো হচ্ছে কমব্যাট ফোর্স। এদিকে রোববারও ত্রাণ নিয়ে রাজনীতির অভিযোগ উঠেছে পশ্চিমবঙ্গে।
কোভিড উনিশ মোকাবেলায় ভারত জুড়ে চলছে ৪০ দিনের লকডাউন। সংক্রমণও মৃত্যুর হিসেব কষে কলকাতা, মুম্বাই, দিল্লি, হায়দ্রাবাদসহ বেশ কিছু শহরকে ইতোমধ্যেই ‘রেড জোন’ হিসাবে চিহ্নিত করা হয়েছে।
ভারত জুড়ে অধিকাংশ জায়গাতে মানুষ লকডাউন পালন করলেও কলকাতার বেশকিছু এলাকায় মানা হচ্ছে না করোনা রুখতে একমাত্র যুদ্ধ লকডাউন। আর তাই শনিবার থেকে শহরটিতে নামানো হয়েছে অস্ত্রধারী কমব্যাট ফোর্স। শুধু তাই নয় বাড়ানো হয়েছে কলকাতা পুলিশের সংখ্যা।
বসানো হয়েছে অতিরিক্ত চেকপোস্টও। আর এরইমধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যে সরকারি ত্রাণ নিয়ে তুমুল রাজনৈতিক বাকবিতণ্ডা শুরু হয়েছে। বামফ্রন্ট, বিজেপি তৃণমূল সরকারের বিরুদ্ধে ত্রাণ বিতরণে চরম অব্যবস্থার অভিযোগ এনে এরই মাঝে পথেও নেমেছে অনেকে।
কলকাতায় ২১ মাসের এক শিশুর শরীরে মিলেছে করোনা ভাইরাস। তাকে বেলেঘাটা আইডি হাসপাতালে রাখা হয়েছে।
রাজ্যটিতে এখনও পযর্ন্ত সরকারিভাবে করোনাআক্রান্তের সংখ্যা প্রায় আড়াইশো এবং মৃত্যের সংখ্যা ১২ বলে জানান কলকাতা মেয়র ফিরহাদ হাকিম।








