Site icon CPLUSBD.COM

কলেজ শিক্ষককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা

উখিয়ায় র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১

সিপ্লাস ডেস্ক: নড়াইলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) খুলনা অঞ্চলের উপ-পরিচালক নিভা রাণী পাঠকের স্বামী বেসরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক অরুণ রায়কে (৭২) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। জেলা সদরের ব্যানাহাটি গ্রামে নিজ বাড়িতে এই ঘটনা ঘটেছে।

তাকে আগে যেকোনো সময় হত্যা করা হলেও শুক্রবার রাত ৮টার দিকে বিষয়টি জানাজানি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

গ্রামবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক অরুণ রায় সদরের তুলারামপুর ইউনিয়নের ব্যানাহাটি গ্রামে একা বসবাস করতেন। তার স্ত্রী, এক ছেলে এবং এক মেয়ে চাকরির সুবাদে জেলার বাইরে অবস্থান করতেন। তারা মাঝে মাঝে ছুটিতে বাড়ি আসতেন। শুক্রবার সারাদিন থেকে অরুণ রায়ের কোন সাড়া শব্দ না পেয়ে সন্ধ্যার পর নিভা রাণী পাঠক ও তার ছেলে ইন্দ্রোজিৎ রায় বাড়িতে আসেন। পরে মই বেয়ে দ্বিতল ভবনের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে চেয়ারের ওপর গলা কাটা অবস্থায় তার লাশ উদ্ধার করেন।

তুলারামপুর ইউনিয়নের চেয়ারম্যান বুলবুল আহম্মেদ বলেন, বাড়িতে অরুণ রায় একাই থাকতেন। আর কেউ থাকতো না। এ ঘটনা গত রাতে ঘটতে পারে বলে মনে করা হচ্ছে।

এ ব্যাপারে সদর থানার ওসি ইলিয়াছ হোসেন নিহতের ঘটনা স্বীকার করে বলেন, তাকে হত্যার বিষয়টি পুলিশ শুক্রবার সন্ধ্যার পর জানতে পেরেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যার বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।