নিউজটি শেয়ার করুন

কাঁচা ঘাস আর শুকনো খড়ের কদর বেশি কোরবানির পশুরহাটে

মো: মহিন উদ্দীন: সারা বছরই অবহেলা আর অযত্নে যত্রেতত্রে বেড়ে উঠা গরু, ছাগল, মহিষ, ভেড়ার একমাত্র প্রধান খাদ্য কাঁচা ঘাস আর শুকনো খড়। আর এই কাঁচা ঘাস ও শুকনো খড়ের কদর বাড়ে প্রতি বছর পবিত্র ঈদুল আজহার কোরবানির পশুরহাটে।

রবিবার ( ১৮ জুলাই) নগরীর বিভিন্ন কোরবানির পশুরহাট ঘুরে দেখা যায়, কাঁচা ঘাস আর শুকনো খড় নিয়ে বসে আছে অনেকেই। এসময় সিপ্লাসের প্রতিবেদককের সাথে কথা হয় ব্রাহ্মণবাড়িয়ার নাসির উদ্দীনের(৫৫)।

তিনি প্রতিবেদককে বলেন, কঠোর লকডাউনে কোন কাজ নেই। রিকশা চালানো ছাড়া আর কোন কাজই পাচ্ছি না। তারমধ্যে এ বয়সে এসে রিকশাও চালাতে পারছি না। শ্বাস কষ্ট আছে। তাই সিদ্ধান্ত নিলাম কোরবানির পশুরহাটে কাঁচা ঘাস ও শুকনো খড় বিক্রি করব। বাড়ি থেকে দশ হাজার টাকা নিয়ে শুরু করেছি কাঁচা ঘাস ও শকনো খড় বিক্রি। আলহামদুলিলাহ ভালই বিক্রি হচ্ছে। কাঁচা ঘাস ছোট এক বান্ডিল ৩০ টাকা আর শুকনো খড় এক বান্ডিল ১০০ টাকা করে বিক্রি করছি। এই সব কাঁচা ঘাস আর শুকনো খড় গুলো বাইরে থেকে কিনে এনে বিবিরহাট গরুর বাজারে বিক্রি করছি।

গরু ব্যাপারী কুদ্দুস ও রফিক সিপ্লাসকে বলেন, গরুকে খাওয়ার জন্য কাঁচা ঘাস আর শুকনো খড় কিনতে হচ্ছে। এক মুঠো কাঁচা ঘাস ৩০ টাকা আর কয়েক মুঠো শুখনো খড় কিনতে হচ্ছে ১০০ টাকায়। পশুরহাটের আশে পাশে অনেকেই এ সব ঘাস আর শুকনো খড় বিক্রি করছে। সবাই একই দামে বিক্রি করছে। বাড়ি থেকে যেগুলো নিয়ে আসছি সেগুলো শেষ হয়ে গেছে। শুধু পানি আর ভুষি খাওয়ালে তো হবে না, কাঁচা ঘাস আর শুকনো খড়ও খাওয়াতে হবে।