নিউজটি শেয়ার করুন

কাউন্সিলর পদে আ.লীগের ফরম বিতরণ শুরু বৃহস্পতিবার

আগামীকাল বৃহস্পতিবার ও শুক্রবার (২৬ ও ২৭ ডিসেম্বর) ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে আওয়ামী লীগের সমর্থন প্রত্যাশীদের আবেদনপত্র বিতরণ করা হবে। দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ ও জমাদান চলবে।

আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও জানানো হয়, প্রতিটি আবেদনপত্রের মূল্য দশ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই দুই সিটিতে ভোটগ্রহণ চলবে। পুরো ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে। গত রবিবার (২২ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ৩১ ডিসেম্বর, বাছাই ২ জানুয়ারি ও প্রত্যাহারের শেষ তারিখ ৯ জানুয়ারি।