সিপ্লাস প্রতিবেদক: নগরীর চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টুর মৃত্যুতে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্যানেল মেয়র নির্বাচন স্থগিত করা হয়েছে ।
বৃহস্পতিবার (১৮ মার্চ) সকালে চসিকের সম্মেলন কক্ষে প্যানেল মেয়র নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম জানান, চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টুর মৃত্যুতে প্যানেল মেয়র নির্বাচন স্থগিত করা হয়েছে। ২২ মার্চ মেয়র-কাউন্সিলরদের ২য় সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর আগে প্যানেল মেয়র নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯ এর ২০ ধারা অনুযায়ী, সিটি করপোরেশন গঠন হওয়ার পর প্রথম সভার এক মাসের মধ্যে কাউন্সিলররা অগ্রাধিকারক্রমে নিজেদের মধ্য থেকে ৩ সদস্যের মেয়রের প্যানেল নির্বাচন করেন। এর মধ্যে একজন সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর হতে হবে।
চসিক প্যানেল মেয়র নির্বাচনে ১২ জন কাউন্সিলর প্রার্থী হচ্ছেন। এদের মধ্যে ৭ জন সাধারণ এবং ৫ জন সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর।

