নিউজটি শেয়ার করুন

কাজীর দেউরীতে আওয়ামী লীগ-ছাত্রলীগের উপর হামলার ঘটনায় গ্রেফতার ১০

সিপ্লাস প্রতিবেদক: নগরীর কাজির দেউড়ি এলাকায় নির্বাচনী প্রচারণাকালে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় ৬জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে নগরীর বিভিন্ন এলাকা থেকে আরও ৪জনকে গ্রেফতার করা হয়।

পুলিশ বলছে গ্রেফতারকৃত ৬জন বহিরাগত। তারা চসিক নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে নগরীতে এসে জড়ো হয়েছে।

বুধবার(২০ জানুয়ারি) রাতে হামলার ঘটনার সঙ্গে ‘জড়িত থাকার প্রমাণ’ পেয়ে তাদের গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

শুক্রবার (২২ জানুয়ারি) তাদের গ্রেফতারের বিষয়টি কোতোয়ালী থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন – চন্দনাইশের পূর্ব কেশুয়া এলাকার বদিউল আলমের ছেলে মো. আলমগীর হোসেন (৩৫), মহেশখালীর সাইটপাড়া এলাকার রফিক আহমদের ছেলে মো. আজিজ (২৬), আনোয়ারার পূর্ব বড়ইয়া এলাকার এসএম বদরুদ্দোজার ছেলে এসএম তারেকুর রহমান রাকিব (২২), উখিয়ার মরিচ্যা পাগলির বিল এলাকার সুলতান মিয়ার ছেলে মনির হোসেন (৩৫), পটিয়ার দক্ষিণ আশিয়া এলাকার মো. জিয়াউদ্দিন বাবলু (২৬) ও রাউজানের গহিরা বদুরঘোনা এলাকার হাসানের ছেলে রাশেদুজ্জামান (৩৩)।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন বলেন, বুধবার রাতে কাজির দেউড়ি এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় ৬ জন বহিরাগতকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলাও রয়েছে।

এছাড়া এর আগে এ মামলায় আরও চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-বদরপাতি খান বাড়ি এলাকার আবুল কালাম হানিফের ছেলে আলী হাসান রাজু (৪৫), একই এলাকার সেকান্দার মিয়ার ছেলে মো. মিন্টু প্রকাশ মিনু (৩৭), কলাবাগিচা শুটকিপট্টি এলাকার মো. ইসলামের ছেলে মো. নাছির (৪৫) ও পাথরঘাটা শেখ পাড়া এলাকার তোফায়েলের ছেলে কায়সার (৪০)।

আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় এ নিয়ে মোট ১০ জনকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। গ্রেফতারকৃত ১০ জন বিএনপি ও সহযোগী সংগঠনের কর্মী বলে জানা গেছে।

বুধবার রাতে কাজির দেউড়ি বিএনপির কার্যালয় নসিমন ভবনের সামনে দিয়ে নির্বাচনী প্রচারণা শেষ করে যাওয়ার পথে বিএনপি কর্মীরা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর হামলা করে। এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

বৃহস্পতিবার মহানগর ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য মো. মোশারাফুল হক চৌধুরী পাভেল বাদি হয়ে কোতোয়ালী থানায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৪৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন । মামলায় আরও অজ্ঞাতনামা ১৫-২০ জনকে আসামি করা হয়।