সিপ্লাস প্রতিবেদক: নগরীর উত্তর কাট্টলী এলাকায় অভিযান চালিয়ে চোরাই বোটসহ মোঃ মকছুদ আলম নামে এক জলদস্যুকে আটক করেছে র্যাব-৭ এর একটি দল।
বুধবার(১৪ এপ্রিল) সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে উত্তর কাট্টলী ঢাকা ট্রাংক রোডের ইস্পাহানি সামিট অ্যালাইয়েন্স টার্মিনাল লিমিটেডের ভিতর থেকে তাকে আটক করা হয়।
আটক দলদস্যু মকছুদ আলম কক্সবাজার জেলার কুতুবদিয়ার আলী আকবরের ডেইল এলাকার শামসুল আলমের ছেলে।
র্যাব সূত্র জানায়, গত ৮ এপ্রিল ২০২১ ইং তারিখ রাত আনুমানিক ৯টায় জলদস্যু মোঃ মকছুদ জনৈক মোঃ মুসলিম মিয়ার মালিকানাধীন একটি বড় বোট পতেঙ্গা থানার মুসলিমাবাদ বেড়িবাঁধ হতে নিয়ে যায় এবং দুই লক্ষ টাকা চাঁদা দাবি করে। তথ্য পেয়ে র্যাব-৭, চট্টগ্রামের একটি দল গত ১২ এপ্রিল কক্সবাজার জেলার কুতুবদিয়া থানার আলী আকবর ডেইল ইউনিয়নের তাবলারচর ‘এলাকার বেড়িবাঁধ থেকে বোটটি উদ্ধার করেন। বোট উদ্ধারের পর গত ১৪ এপ্রিল র্যাব-৭ এর আভিযানিক দলটি চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানাধীন উত্তর কাট্টলী, ঢাকা ট্রাংক রোডের ইস্পাহানি সামিট অ্যালাইয়েন্স টার্মিনাল লিমিটেড এর ভিতর থেকে জলদস্যু মকছুদ আলমকে গ্রেফতার করেন।
আটককৃত জলদস্যুর বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা করা হয়েছে। তার বিরুদ্ধে কক্সবাজার জেলার কুতুবদিয়া থানায় অস্ত্র আইনে মামলা রয়েছে বলেও জানায় র্যাব।








