Site icon CPLUSBD.COM

কাপ্তাইয়ের নৌ বাহিনী ঘরে ঘরে পৌঁছে দিলো ত্রাণ সামগ্রী

নূর হোসেন মামুন, কাপ্তাই: দেশব্যাপী করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি, কলেজ রোড, বড়ইছড়ি বাজার, ওয়াগ্গা যৌথ খামার, হেডম্যান পাড়া ও তৎসংলগ্ন এলাকায় দুঃস্থ ও অসহায় শতাধিক পরিবারের সাহায্যার্থে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে নৌবাহিনী।

রবিবার (৫ এপ্রিল) শহীদ মোয়াজ্জম নৌ বাহিনী ঘাঁটিরর তত্ত্বাবধানে জেলা নৌ স্কাউটসের সহযোগিতায় নৌ সদস্যরা দিনব্যাপী এ কার্যক্রম পরিচালনা করেন।

এ সময় নৌ সদস্যরা শতাধিক পরিবারের নিকট গিয়ে জীবানুনাশক সাবান ও মাস্ক, চাল, ডাল, আলুসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী তুলে দেন।

এছাড়া নৌবাহিনীর সদস্যরা জনসমাগম বন্ধসহ সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং মানুষকে ঘরে থাকা নিশ্চিত করতে মাইকিং করার পাশাপাশি বিভিন্ন প্রচারণা চালায়।

একইসাথে তারা করোনা প্রতিরোধে সচেতনতা তৈরি করতে স্থানীয়দের বিভিন্ন লিফলেট বিতরণসহ নানা পরামর্শ প্রদান করে।