কাপ্তাই ও রাঙামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির কাপ্তাইয়ের ভোর রাতে বাড়িতে প্রবেশ করে সুবাস তঞ্চঙ্গ্যা(৪৫) ও ধনঞ্জয় তঞ্চঙ্গ্যা (৩৫) নামে দু’জনকে ব্রাশ ফায়ারে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (১১ই নভেম্বর) ওয়াগ্গায় ইউনিয়নের গর্জনীয়া এলাকায় এ ঘটনা ঘটে।
এসময় ঘটনাস্থলেই নিহত হয়েছে স্থানীয় যতিন তঞ্চঙ্গ্যা ছেলে সুভাস তঞ্চঙ্গ্যা ও রনজিত কার্বারির ছেলে ধনঞ্জয় তঞ্চঙ্গ্যা।
কাপ্তাই থানা অফিসার ইনচার্জ মো. নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েদ কাউসার বলেন, ভোর রাতে ধনঞ্জয় তঞ্চঙ্গ্যা বাড়িতে ঢুকেই সন্ত্রাসীরা ব্রাশ ফায়ার করে। এসময় ধনঞ্জয় তঞ্চঙ্গ্যা বুকে, হাতে ৫ রাউন্ড গুলি এবং সুভাস তঞ্চঙ্গ্যা পিঠে ও চোয়ালে ২ রাউন্ড গুলি করলে ঘটনাস্থলেই মারা যায় তারা। নিহতদের উদ্ধার করে রাঙামাটি মর্গে পাঠানো হয়েছে। তবে কে বা কাহারা তাদের হত্যা করেছে সেটি এখনো জানা যায়নি। নিহত দুজনেই আঞ্চলিক সংগঠন জেএসএস এর সমর্থক বলে জানা গেছে।








