নিউজটি শেয়ার করুন

কাপ্তাই লেকে বৃহস্পতিবার মধ্যরাত থেকে মাছ ধরায় নিষেধাজ্ঞা

সিপ্লাস প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই লেকে কার্প জাতীয় মাছের বংশবৃদ্ধি, অবমুক্ত করা পোনা মাছের সুষ্ঠু বৃদ্ধি, মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিতকরণসহ লেকের প্রাকৃতিক পরিবেশ মৎস্য সম্পদ বৃদ্ধির সহায়ক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তিন মাস মাছ শিকার বন্ধের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

প্রতি বছরের মতো এবারও ৩০ এপ্রিল মধ্যরাত থেকে আগামী তিন মাস দক্ষিণ এশিয়ার বৃহত্তম কাপ্তাই লেকে সব ধরনের মাছ ধরা, বাজারজাতকরণ এবং পরিবহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) সূত্র জানা যায়, কাপ্তাই লেকে কার্প প্রজাতি মা মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করার জন্য ডিম ছাড়ার মৌসুম মাছ ধরা বন্ধ রাখা হয়। কাপ্তাই লেকে কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজননের একটি অন্যতম স্থান। এ সময় মাছ শিকার বন্ধে কাপ্তাই লেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। স্থানীয় বরফ কলগুলোও এ সময় বন্ধ থাকবে।

বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) রাঙামাটির ব্যবস্থাপক লে. কমান্ডার তৌহিদুল ইসলাম জানান, এ বছর ৮ হাজার ৫০৪ মেট্রিক টন মৎস্য আহরণের বিপরীতে ১৫ কোটি ২২ লাখ টাকার রাজস্ব আদায় করা হয়েছে। যা গত বছরের থেকে প্রায় ২ কোটি টাকা বেশি।

দক্ষিণ এশিয়ার এই বৃহত্তম লেকে ২২ হাজার জেলে মৎস্য আহরণ করে জীবিকা নির্বাহ করে থাকেন।