রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রাম-কাপ্তাই সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাঙ্গুনিয়ার এক যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
সড়কের পাহাড়তলি এলাকায় ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম আশীষ বড়ুয়া (২৭)। তিনি উপজেলার বেতাগী ইউনিয়নের বড়ুয়া পাড়া গ্রামের ডা. সুকমল বড়ুয়ার ছেলে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে তার লাশ দাহ করা হয়।
নিহতের স্বজনরা জানায়, নিহত আশীষ বড়ুয়া একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের শিক্ষার্থী।
গত সোমবার বিকাল ৫টার দিকে সিএনজি অটোরিকশা করে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিলেন তিনি। গাড়িটি রাউজানের পাহাড়তলী এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই তিনিসহ অটোরিকশার কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়া হয়। কিন্তু মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারী হাসপাতালে নেওয়া হলে বুধবার সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আশীষ তার পরিবারে দুই ভাই দুই বোনের মধ্য তৃতীয় সন্তান। গত ১ বছর আগে সে বিয়ে করেছিলেন।








