সিপ্লাস প্রতিবেদক: কাপড়ের রঙ আর কয়লার গুড়ো মিশিয়ে মসলা, মরিচ ও হলুদের গুড়ো তৈরী এবং ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে নগরীর চার প্রতিষ্ঠানকে ২ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা -অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার(১৮ আগস্ট) সকাল ১১টা থেকে বিকাল পর্যন্ত নগরীর খাতুনগঞ্জ, মহিমদাশ লেইন, কোতোয়ালী থানার মোড়, নিউমার্কেট মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক (মেট্রো) পাপীয়া সুলতানা লীজা ও চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান এ অভিযানে নেতৃত্ব দেন।
এ সময় ভেজাল মসলার বিক্রির দায়ে খাতুনগঞ্জ রোডের সেবা ট্রান্সপোর্ট গলির জনি মসলা মিলকে ২ লাখ টাকা, ভেজাল ওষুধ বিক্রি করার দায়ে কোতয়ালী থানা মোড়ের ইউনাইটেড মেডিসিন সেন্টারকে ৮ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন পণ্য বিক্রি করার দায়ে নিউমার্কেট মোড়ের মেসার্স ফরিদুল আলম কোং’র পরিবেশক ফুলকলি সুইটস- কে ২০ হাজার টাকা ও মহিমদাশ রোডের আল ফারুক স্টোরকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
এ অভিযানে ৪০ কেজি ভেজাল মসলা, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য, মেয়াদোত্তীর্ণ ও মেয়াদ বিহীন কাটা ঔষধ ধ্বংস করা হয়।








