নিউজটি শেয়ার করুন

কাবুলে বিক্ষোভরত নারীদের ছত্রভঙ্গ করল তালেবান

সিপ্লাস ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে নারীদের একটি বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছেন তালেবান কর্মকর্তারা।

টলো নিউজ জানিয়েছে, তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর নারীদের অধিকার সংরক্ষণের দাবি নিয়ে শনিবার দ্বিতীয় দিনের মতো রাজধানীর পথে নেমেছিল একদল সাংবাদিক ও নারী অধিকার আন্দোলন কর্মী।

নগরীর একটি সেতু থেকে প্রেসিডেন্ট প্রাসাদের দিকে মিছিল করে যাওয়ার চেষ্টাকালে তালেবান কর্মকর্তা ও নিরাপত্তা রক্ষীরা তাদের বাধা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

গোষ্ঠীটি জানিয়েছেন, তালেবান তাদের লক্ষ্য করে কাঁদুনে গ্যাস ও পেপার স্প্রে ছুড়েছে।

সম্প্রতি কাবুল ও হেরাতে এ ধরনের বেশ কয়েকটি প্রতিবাদ দেখা গেছে বলে বিবিসি জানিয়েছে।

এই নারীরা তাদের কাজ করার অধিকার ও সরকারে তাদের অন্তর্ভুক্তির দাবি জানিয়েছে। তালেবান জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যেই তারা সরকার ঘোষণা করবে।

সরকারে নারীরাও থাকতে পারবে বলে জানিয়েছে তারা, কিন্তু মন্ত্রীর পদ পাবে না।

পূর্ব দিকের পুল-ই-মাহমুদ খান এলাকা থেকে মিছিলটি প্রেসিডেন্ট প্রাসাদের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টাকালে তাদের বাধা দেওয়া হয় এবং তালেবান স্পেশাল ফোর্স তাদের বিরুদ্ধে কাঁদুনে গ্যাস ব্যবহার করে।

সুশীল সমাজ কর্মী সুরাইয়া টলো নিউজকে বলেন, “আমাদের অধিকার রক্ষার জন্য আমরা একদল নারী মিছিলে যোগ দিয়ে প্রাসাদের দিকে যাওয়ার চেষ্টা করেছিলাম, তখন তালেবান আমাদের ওপর হামলা করেছে, কাঁদুনে গ্যাস ছুড়েছে এবং বেশ কয়েকজনকে পিটিয়েছে।”

“২৫ বছর আগে যখন তালেবান কাবুল এসেছিল, তারা আমার স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছিল। তাদের পতনের পর গত ২০ বছর আমি পড়াশোনা করে উন্নত ভবিষ্যতের জন্য চেষ্টা করছি। এই অর্জন আমি হারাতে দিতে পারি না,” বলেনি আজিতা, যিনি একজন সাংবাদিক।

তালেবান জানিয়েছে, প্রতিবাদকারীরা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় আর কোনো বিকল্প না থাকায় তাদের বিরুদ্ধে কাঁদুনে গ্যাস ব্যবহার করেছে তারা।

“আন্দোলনকারীরা প্রেসিডেন্ট প্রাসাদ, পররাষ্ট্র মন্ত্রণালয় ও সেদারাত প্রাসাদের দিকে যাওয়ার চেষ্টা করেছিল, এগুলোর সবই সেইফ জোনে আর করোই ওই এলাকাগুলোতে প্রবেশের অনুমতি নেই। তালেবান তাদের থামাতে অনেকবার চেষ্টা করেছে তাদের কিন্তু শেষ পর্যন্ত নারীদের প্রাসাদের দিকে যাওয়া বন্ধ করতে বাধ্য হয়েছে,” বলেছেন গণমাধ্যম কর্মী আবদুল হক ইমাদ।

নারীরা ভবিষ্যৎ সরকারের উঁচু পদে কাজ করতে পারবে না তালেবানের এমন ঘোষণার পর থেকেই কাবুল ও হেরাতে প্রতিবাদ করছে নারীরা।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here