সিপ্লাস প্রতিবেদক: নগরীর কালুরঘাট বিসিক শিল্প এলাকায় আগুনে মেরিডিয়ান কোম্পানির একটি কারখানা পুড়ে গেছে।
এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস জানায়, বৃহস্পতিবার (৪ মার্চ) ভোর ৪টার দিকে কারখানায় বিদ্যুতের প্যানেল বোর্ড থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর বিষু দাশ বলেন, কারখানাটির দ্বিতীয় তলায় বিদ্যুতের প্যানেল বোর্ড থেকে আগুনের সূত্রপাত হয়। পরে সেখান থেকে অন্যত্র ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাড়ি গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় ভোর ৫ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এখনো ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।








