Site icon CPLUSBD.COM

কাশ্মীরের শ্রীনগরে গ্রেনেড হামলায় নিহত ১, আহত ১৫

সোমবার স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিটে নগরীর কেন্দ্রস্থলের হরি সিং স্ট্রিটের একটি সবজি বাজারে হামলাটি হয় এবং এতে আরও অন্তত ১৫ জন আহত হন বলে পুলিশের বরাতে জানিয়েছে এনডিটিভি।

আহতদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুই জনের অবস্থা সঙ্কটজনক।

হামলার পর থেকে নিরাপত্তা বাহিনী বাজার এলাকাটি ঘিরে রেখেছে। এটি নিয়ে শেষ ১০ দিনের মধ্যে জম্মু ও কাশ্মীরে তিনটি গ্রেনেড হামলা হল।

গত সপ্তাহে সোপোরের একটি বাস স্ট্যান্ডে অপেক্ষমাণ লোকজনকে লক্ষ্য করে নিক্ষিপ্ত একটি গ্রেনেড বিস্ফোরণে ১৫ জন আহত হন।

২৬ অক্টোবর ভারতের আধাসামরিক বাহিনী সিআরপিএফের জোয়ানরা একটি তল্লাশি চৌকিতে গাড়ি থামিয়ে তল্লাশি চালানোকালে বিচ্ছিন্নতাবাদীদের নিক্ষিপ্ত গ্রেনেডে ছয় জোয়ান আহত হন।

গত ৫ অগাস্ট সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলোপের মধ্য দিয়ে নয়া দিল্লি জম্মু ও কাশ্মীর রাজ্যের বিশেষ মর্যাদা বাতিল করে এবং রাজ্যটিকে কেন্দ্র শাসিত দুইটি আলাদা অঞ্চলে ভাগ করার ঘোষণা দেয়, যা বৃহস্পতিবার বাস্তবায়ন করা হয়েছে। এ দু’টো অঞ্চলের একটি হচ্ছে জম্মু-কাশ্মীর এবং অন্যটি চীন সীমান্তবর্তী লাদাখ।

দুটি অঞ্চলই এখন থেকে ভারতের কেন্দ্রীয় সরকারের অধীনে পরিচালিত হবে।

বিশেষ মর্যাদা বাতিলের পর থেকে কাশ্মীরকে কার্যত অবরুদ্ধ করে রেখেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী।