ভারত অধিকৃত কাশ্মীরে ২৭০০ গণকবরের খোঁজ পাওয়া গেছে। এসব গণকবরে অন্তত ২৯০০ লাশ রয়েছে বলে দাবি করেছে ইন্টারন্যাশনাল পিপলস ট্রাইব্যুনাল অন হিউম্যান রাইটস অ্যান্ড জাস্টিস নামের একটি মানবাধিকার সংস্থা। খবর দ্য হিন্দু’র।
খবরে বলা হয়, শ্রীনগরে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এতে গণকবরে বিষয়ে স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে তারা।
সংবাদ সম্মেলনে বলা হয়, দুই হাজার ৭০০ অজ্ঞাত, শনাক্ত গণকবরে দুই হাজার ৯০০ মরদেহ রয়েছে। উত্তর কাশ্মীরের বান্দিপোরা, বারামুল্লা ও খোপওয়ারা জেলার ৫৫টি গ্রামে এসব কবর রয়েছে।
সংস্থাটির দাবি, ৮৭ দশমিক ৯ শতাংশ মরদেহ নামহীন। তারা এ ক্ষেত্রে জাতীয় মানবাধিকার কমিশন ও রাজ্য মানবাধিকার কমিশনের হস্তক্ষেপ দাবি করেছে।








