নিউজটি শেয়ার করুন

কাস্টমস আইন মানছে না রপ্তানীকারক প্রতিষ্ঠান ও তাদের মনোনীত সিএন্ডএফ

সংশ্লিষ্ট দলিলাদি জমা দেওয়ার জন্য আদেশ জারি

সিপ্লাস প্রতিবেদক: অফডক কর্তৃক শুল্কায়ন ও পরীক্ষন কার্যক্রম সম্পন্ন করার পর সংশ্লিষ্ট দলিলাদি জমা দেওয়ার কথা থাকলেও অনেক রপ্তানীকারক প্রতিষ্ঠান ও তাদের মনোনীত সিএন্ডএফ এগুলো জমা দিচ্ছে না। ফলে তথ্য সরবরাহে দেখা দিচ্ছে নানা জটিলতা। রপ্তানি কার্যক্রমে গতিশীলতা আনয়নের লক্ষ্যে ১৯টি অফডকে এসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের সংযোগ প্রদান করা হয়েছে। ফলে রপ্তানি সংক্রান্ত দলিলাদি অফডক কর্তৃক শুল্কায়ন ও পরীক্ষন কার্যক্রম সম্পন্ন করার পর এসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের মাধ্যমে চট্টগ্রাম কাস্টমসের সেকশন-১ ও ২ এ জমা দেওয়ার কথা থাকলেও অনেকেই এগুলো জমা দিচ্ছে না।

এসব দলিলের মধ্যে উল্লেখযোগ্য বিল অফ এক্সপোর্ট, ইনভয়েস, প্যাকিং লিস্ট, ইএক্সপি (অনলাইন কপি) এলসি/এক্সপোর্ট অর্ডার প্রযোজ্য ক্ষেত্রে অন্যান্য দলিলাদি। ফলে বিভিন্ন দপ্তর/সংস্থা, দুদক, সিআইডি, পিবিআই, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, কাস্টমস মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারেট, বাংলাদেশ ব্যাংক, বানিজ্যিক ব্যাংক, আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর ইত্যাদি কর্তৃক যাচিত তথ্যাদি প্রেরন করা/সরবরাহ করার ক্ষেত্রে নানা জটিলতা দেখা দিচ্ছে। প্রয়োজনীয় এসব দলিল জমা দেয়ার জন্যে কাস্টমস কর্তৃপক্ষ বিভিন্ন প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে ৩০ ডিসেম্বর আদেশ জারি করেছে।

উল্লেখিত, অফডক গুলো হলো গোল্ডেন কন্টেইনার লি:, পোর্ট লিংক, এছাক ব্রাদার্স লি:, সিসিটিসিএল, কিউএনএস কন্টেইনার ডিপো, কেএন্ডটি লজিস্টিকস লি:, শফি মোটরস লি:, এসএপিএল, ইস্টার্ন লজিস্টিকস্ লি:, ইনকনট্রেড লি:, ওশান কন্টেইনার লি:, ন্যামসন ডিপো, ভারটেক্স, বিএম কন্টেইনার লি:, কেডিএস লজিস্টিকস্, ইস্পাহানি সামিট এল্যায়েন্স টার্মিনাল লি:, ইকবাল ডিপো লি:, সাবের আহমেদ টিম্বার, সী-ফেয়ারার্স, ইকবাল ডিপো।তাছাড়া কাস্টমস আইন-১৯৬৯ এর সেকশন-২১১ অনুযায়ী এসকল দলিলাদি ৫ বছরের জন্য সংরক্ষণের বিধানও রয়েছে।

কিন্তু এধরনের নিয়মনীতির তোয়াক্কা করছে না অনেক রপ্তানীকারক প্রতিষ্ঠান ও তাদের মনোনীত সিএন্ডএফ। এঅবস্থায় অফডক কর্তৃক শুল্কায়িত সকল দলিলাদি শুল্কায়ন সমাপ্তির পর পোষাক শিল্প সংশ্লিষ্ট রপ্তানিকারক প্রতিষ্ঠান ও তাদের মনোনীত সিএন্ডএফকে কাস্টমস রপ্তানি শাখার সেকশন-২ এবং পোষাক শিল্প ব্যতিত অন্যান্য রপ্তানিকারক প্রতিষ্ঠান ও তাদের মনোনীত সিএন্ডএফকে কাস্টমস রপ্তানি শাখার সেকশন-১ এ সকল দলিলাদি জমা দেওয়ার জন্য বলা হয়েছে।

চট্টগ্রাম কাস্টমসের কমিশনার মোহাম্মদ ফখরুল আলম সাক্ষরিত এক অফিস আদেশে এ আদেশ কার্যকর করার লক্ষ্যে ইনল্যান্ড কন্টেইনার ডিপো এসোসিয়েশন(বিকডা), বাংলাদেশ শিপিং এজেন্ট এসোসিয়েশন, বাংলাদেশ ফ্রেইড ফরোওয়ার্ডাস এজেন্টস এসোসিয়েশন, বাংলাদেশ কন্টেইনার শিপিং এসোসিয়েশন, চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ, প্রেসিডেন্ট বিজিএমইএ, প্রেসিডেন্ট বিকেএমইএ, সভাপতি/সাধারন সম্পাদক চিটাগাং সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন, সভাপতি/সাধারন সম্পাদক চিটাগাং সিএন্ডএফ কর্মচারী এজেন্ট এসোসিয়েশন, সকল অফডকের রাজস্ব কর্মকর্তা সহ চট্টগ্রাম কাস্টমসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের আদেশ দিয়েছেন কাস্টমস কমিশনার।

এ বিষয়ে জানতে চট্টগ্রাম কাস্টমসের ডেপুটি কমিশনার মো: আল-আমিন জানান, অফডক সংশ্লিষ্ট সকলকে আমরা চিঠি দিয়েছি।আগে যেহেতু সিস্টেম ছিলো না তারা ডকুমেন্টস গুলো জমা দিত না। এখন যেহেতু আমরা সবগুলো অফডকে সংযোগ প্রদান করে সিস্টেম চালু করেছি সেহেতু এখন থেকে ডকুমেন্টস গুলো জমা দেওয়ার আদেশ দেওয়া হয়েছে।