কক্সবাজারের চকরিয়ায় পারিবারিক বিরোধের জেরে কোদালের কুপে স্বামীর হাতে খুন হয়েছে নয়ন মনি (৩০) নামের এক গৃহবধূ। গত মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার সাহারবিল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পরিষদ পাড়া এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
বুধবার দুপুরের দিকে গৃহবধু নয়ন মনি চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হত্যাকাণ্ডে নিহত গৃহবধু নয়ন মনি ওই এলাকার জালাল উদ্দিনের স্ত্রী।
এ ঘটনার পরে ঘাতক স্বামী জালাল উদ্দিনকে পুলিশ আটক করেছে। সে একই উপজেলার সাহারবিল ইউনিয়নের পরিষদ পাড়া এলাকার খুইল্যা মিয়া’র ছেলে। নিহত গৃহবধুর সংসারে এক ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ১০ বছর পূর্বে চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়ন পরিষদ সংলগ্ন পরিষদ পাড়া এলাকার খুইল্যা মিয়া’র ছেলে জালাল উদ্দিনের সাথে ইসলামী শরিয়াহ মোতাবেক পারিবারিক ভাবে বিবাহ হয় একই এলাকার নয়ন মনির সাথে। বিয়ের পর তাদের দাম্পাত্য জীবন সুখের মধ্যে কাটছিল। নয়ন মনির সংসারে ৯ বছরের এক ছেলে ও ৩ বছরের এক কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকে তাদের সংসারে কোন দিন ঝগড়া বিবাদও হয়নি।
গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে জালাল উদ্দিন ও তার স্ত্রী নয়ন মনির সাথে পারিবারিক তুচ্ছ বিষয় নিয়ে তর্কাতর্কি হয়। একপর্যায়ে স্ত্রী নয়ন মনিকে শারীরিক নির্যাতন করে কোদাল দিয়ে তার মাথায় স্বজোরে আঘাত করলে সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত নয়ন মনিকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক নয়নের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে আহত নয়ন মনি চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঘটনার সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হাবিবুর রহমান বলেন, ঘটনার দিন রাতে নিহতের চাচা মোহাম্মদ হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
এ ঘটনায় পুলিশ ঘাতক স্বামী জালাল উদ্দিনকে আটক করেছে। তিনি আরও বলেন, নিহত গৃহবধূ নয়ন মনি’র স্বামী জালাল উদ্দিনকে আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।








