সীতাকুন্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে সাগরে বড়শি দিয়ে মাছ ধরার সময় নুর করিম (৩৭) নামের এক যুবক পানিতে পড়ে নিখোঁজ হওয়ার পর তার মৃত দেহ উদ্ধার হয়েছে।
রবিবার বেলা ১১টার সময় উপজেলার কুমিরা ইউনিয়নের কুমিরা-সন্দ্বীপ ফেরী ঘাটে সাগরে নিখোঁজ হওয়ার পর কোষ্টগার্ড, নৌ পুলিশ ও কুমিরা ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালিয়ে ব্যর্থ হয়। পরে রাত ৮টার দিকে সন্ধান পাওয়ার পর পরিবারের লোকজন তার মৃত দেহ উদ্ধার করে।
নিহত নুর করিম ছোট কুমিরা ইউনিয়নের হিঙ্গুরীপাড়া গ্রামের মোঃ ইসমাইল হোসেনের পুত্র।
জানা যায়, নিখোঁজ করিম বরশি নিয়ে সাগরে মাছ ধরার সময় তার বড়শিটি পানিতে পড়ে গেলে সে সেটি নিতে পানিতে নামলে সাগরের প্রবল স্রোতে সে তলিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী মোঃ শহিদ জানান, নুর করিম বড়শি দিয়ে মাছ ধরার সময় তার বড়শিটা পাথরের সাথে আটকে গেলে সে বড়শি নিতে পানিতে নামে। এসময় প্রবল স্রোতে সে মুহূর্তেই ডুবে যায়।
এদিকে বিকাল চারটার সময় আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরী দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযানে অংশ নেয়। দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়েও তারা নিখোঁজ যুবকের সন্ধান পায়নি। এরপর থেকে নিহতের পরিবারের লোকজন সাগরে ভাটা পড়লে খুঁজতে বের হলে সাগরের বাঁধ থেকে প্রায় এক কিলোমিটার দুরে মৃতদেহ খুঁজে পায়।









