নিউজটি শেয়ার করুন

কুমিরা-সন্দ্বীপ ফেরী ঘাটে বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে সাগরে যুবক নিখোঁজ

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে সাগরে বড়শি দিয়ে মাছ ধরার সময় নুর করিম(৩৭) নামের এক যুবক পানিতে পড়ে নিখোঁজ হয়েছে। নিখোঁজ ছোট কুমিরা ইউনিয়নের হিঙ্গুরীপাড়া গ্রামের মোঃ ইসমাইল হোসেনের পুত্র।

রবিবার বেলা ১১টার সময় উপজেলার কুমিরা ইউনিয়নের কুমিরা-সন্দ্বীপ ফেরী ঘাটে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে প্রথমে কোষ্টগার্ড, নৌ পুলিশ ও কুমিরা ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযানে অংশ নেয়।

জানা যায়, নিখোঁজ করিম বরশি নিয়ে সাগরে মাছ ধরার সময় তার বড়শিটি পানিতে পড়ে গেলে সে সেটি নিতে পানিতে নামলে সাগরের প্রবল স্রোতে সে তলিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী মোঃ শহিদ জানান, নুর করিম বড়শি দিয়ে মাছ ধরার সময় তার বড়শিটা পাথরের সাথে আটকে গেলে সে বড়শি নিতে পানিতে নামে, এসময় প্রবল স্রোতে সে মুহূর্তেই ডুবে যায়।

এদিকে বিকাল চারটার সময় আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরী দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযানে অংশ নেয়।

এব্যাপারে কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোলতান মাহমুদ বলেন, আমরা দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়েও নিখোঁজ যুবকের সন্ধান পাইনি।

এদিকে এ নিউজ লিখা পর্যন্ত (সন্ধ্যা ৬টা) নিখোঁজ যুবকের সন্ধান মেলেনী। উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলে জানান সোলতান মাহমুদ।