নিউজটি শেয়ার করুন

কুয়াকাটায় সপরিবারে সূর্যাস্ত দেখলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সপরিবারে কুয়াকাটা সমুদ্র সৈকতের বেলাভূমি থেকে সূর্যাস্তের মনোরম দৃশ্য অবলোকন করলেন। মঙ্গলবার শেষ বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টে বসে সূর্যাস্তের দৃশ্য দেখেন।

রাষ্ট্রপতির কুয়াকাটা আগমনে সমুদ্র সৈকতসহ গোটা এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টায় তিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেবেন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মঙ্গলবার বিকাল ৪টা ২০ মিনিটে হেলিকপ্টারে কুয়াকাটায় পৌঁছেন।

সেখানে তাকে স্বাগত জানান বরিশাল বিভাগীয় কমিশনার ইয়ামিন চৌধুরী, পুলিশের ডিআইজি শফিকুল ইসলাম, পটুয়াখালী জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী ও পুলিশ সুপার মইনুল ইসলাম।

এ সময় স্থানীয় সংসদ সদস্য মহিব্বুর রহমান মহিব, রাষ্ট্রপতির সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম শামিম উজ জামান, প্রেস সচিব জয়নূল আবেদিন, ব্যক্তিগত চিকিৎসক ব্রিগেডিয়ার জেনারেল নিয়ামুল গনি চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতির সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন সহধর্মিণী রাশিদা খানম, ছেলে রাসেল আহমেদ তুহীন ও রিয়াদ আহমেদসহ পরিবারের সদস্যরা। হেলিপ্যাড থেকে রাষ্ট্রপতি তার সফরসঙ্গীসহ সরাসরি পর্যটন ইয়ুথ-ইন মোটেলে চলে যান।

সেখানে তিনি গার্ড অব অনার গ্রহণ করেন। বুধবার ভোরে পরিবারের সদস্যদের নিয়ে সূর্যোদয় দেখার কথা রয়েছে রাষ্ট্রপতির।