নিউজটি শেয়ার করুন

কু-প্রস্তাবে রাজি না হওয়ায় স্বর্ণ কিশোরীর ওপর হামলা

সিপ্লাস ডেস্ক: ঝালকাঠির বাল্যবিবাহ প্রতিরোধকারী স্বর্ণ কিশোরীকে প্রেমের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হয়ে ওই কিশোরীর ওপর জুবায়ের নামে এক বখাটে হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে।

অভিযুক্ত জুবায়ের আদনান শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে ঝালকাঠি শহরের ফকিরবাড়ি এলাকায় স্বর্ণ কিশোরী নাসরিন আক্তার সারার বোনের ভাড়াটিয়া বাসায় এ হামলা চালান।

জুবায়ের আদনান ফায়ার সার্ভিস এলাকার জাকির হোসেনের ছেলে এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ২৪-এর ক্যামেরাম্যান।

আহত ওই কিশোরী ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ ঘটনায় ঝালকাঠি সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তবে, এ প্রতিবেদন লেখা আগ পর্যন্ত (বিকাল ৫টায়) এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।

অভিযোগে বলা হয়েছে, বেশ কিছুদিন ধরে আদনান সারাকে কু-প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু সারা তা প্রত্যাখান করায় ক্ষিপ্ত হয়ে ঘটনার দিন তার বোনের বাসায় ঢুকে সারাকে শারীরিক নির্যাতন ও শ্লীলতাহানি করে। এ ব্যাপারে ঝালকাঠি থানায় নাসরিন আক্তার সারা অভিযোগ দায়ের করে এবং তার নিকটাত্মীয়রা তাকে হাসপাতালে ভর্তি করে।

প্রসঙ্গত, গত ২ অক্টোবর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর বাল্যবিবাহ প্রতিরোধ করার জন্য নাসরিন আক্তার সারাকে জেলা প্রশাসক কার্যালয় সম্মাননা ক্রেস্ট প্রদান করেন এবং চ্যানেল আইয়ের স্কুল পর্যায়ে স্বর্ণ কিশোরী প্রতিযোগীতায় ‘স্বর্ণ কিশোরী’ খেতাব জিতেন।