সিপ্লাস প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফে কূপ পরিষ্কার করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে পৌরসভার কায়ুকখালী পাড়া এলাকায় মৃত মো. ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃত শ্রমিকরা হলেন- কলেজ পাড়া এলাকার বাসিন্দা মো. আলমের ছেলে মো. ফরহাদ (১৫) ও পুরানপল্লান পাড়া এলাকার মো. হাসানের ছেলে রহমত উল্লাহ (২৬)।
টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, দুই শ্রমিকের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে বিষাক্ত গ্যাসে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার দুপুরে পৌরসভার কায়ুকখালী পাড়ার মৃত মো. ইসলামের বাড়ির প্রাঙ্গণে কূপ পরিষ্কার করতে নামেন দুই শ্রমিক। প্রথমে একজন কূপে নামার পর অনেকক্ষণ সেখান থেকে না ওঠায় দ্বিতীয়জন কূপে নামেন। পরে দুজনই কূপ থেকে না উঠায় পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের লোকজন এসে কূপের ভেতর থেকে দুজনের লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য বিভাগের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তন্ময় সরকার জানান, বিকালে স্থানীয় দুজন যুবককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।








