ভারতে মুসলিমবিদ্বেষী সিএএ বিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে কেউ মারা যায়নি বলে দাবি করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ।
আদিত্যনাথ বলেন, ‘কেউ যদি মরতে আসে, তাহলে বাঁচবে কী করে? ’
তিনি যুক্তি দেন, ‘কেউ যদি কোনো নির্দোষ ব্যক্তিকে হত্যা করতে আসে এবং পুলিশ তাকে বাধা দেয় তখন হয় তাকে অথবা পুলিশ সদস্যকে মরতে হবে। পুলিশের গুলিতে কেউ মারা যায়নি। দুর্বৃত্তরা অপর দুর্বৃত্তের ছোড়া গুলিতে মারা গেছে।
এরপর পুলিশের প্রশংসা করে আদিত্যনাথ বলেন, ‘সিএএ বিরোধী বিক্ষোভের সময় একটি বড় ষড়যন্ত্র নস্যাৎ করেছে পুলিশ। ডিসেম্বরে বিক্ষোভের সহিংসতার ঘটনায় রাজ্য পুলিশের ভূমিকা প্রশংসনীয়। তারা যেভাবে সামাল দিয়েছেন, এরপর আর বিক্ষোভ হয়নি।’
তবে সরকার বিক্ষোভের বিরুদ্ধে নয় বলে জানান তিনি।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, ‘যে কোনো গণতান্ত্রিক বিক্ষোভে সমর্থন দিই আমি। কিন্তু এ সুযোগ নিয়ে গণতন্ত্রের আড়ালে চক্রান্তকারীরা পরিস্থিতি উত্তপ্ত করতে চায়। আর তাদেরকে আমরা তাদের ভাষাতেই জবাব দিই।’
বিক্ষোভে অগ্নিসংযোগ ও ভাঙচুরকারীদের প্রতি কংগ্রেস ও সমাজবাদী পার্টির সমর্থন রয়েছে বলে অভিযোগ করেন আদিত্যনাথ।
প্রসঙ্গত, সম্প্রতি ভারতে বির্তকিত নাগরিকত্ব আইন পাসের পর দেশজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দিল্লি, মুম্বাই, কেরালাসহ পশ্চিমবঙ্গে সিএএবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এসব রাজ্যের মধ্যে সবচেয়ে বড় ধরনের দমন পীড়ন হয়েছে উত্তর প্রদেশে। ২০ ও ২১ ডিসেম্বর বিক্ষোভকালে সেখানে সহিংসতায় অন্তত ২২ জন নিহত হয়েছেন।
সোমবার রাজ্য সরকার এলাহাবাদ হাই কোর্টকে জানিয়েছে, বিক্ষোভের সময় ৮৮৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ৩২২ জন এখনও কারাভোগ করছেন।

