নিউজটি শেয়ার করুন

কেন হাসিনা মহিউদ্দিনকে মঞ্চ থেকে নামিয়ে দিলেন মেয়র নাছির!

আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভার মঞ্চ থেকে প্রয়াত মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী হাসিনা মহিউদ্দিন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সাবেক চেয়ারম্যান ও নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম এবং নগর আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক আহমেদুর রহমান সিদ্দিকীকে নামিয়ে দেওয়া হয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন তিন নেতাকে মঞ্চ থেকে নামিয়ে দেন। এ ঘটনায় আ.লীগ ও অংগ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

হাসিনা মহিউদ্দিন চট্টগ্রাম নগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ছাড়াও চট্টগ্রামের সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা প্রয়াত এবিএম মহিউদ্দিনের স্ত্রী।

তবে কেন হাসিনা মহিউদ্দিনকে নামিয়ে দেয়া হয়েছে? এ প্রশ্নের উত্তর বিশ্লেষণে বেরিয়ে আসে নিম্নোক্ত বিষয়সমূহ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চট্টগ্রাম বিভাগের ৬টি জেলার সাংগঠনিক প্রতিনিধি সম্মেলন ছিল রোববার। বেলা ১১টায় এ সভা শুরু হয়। সভার শুরুতেই নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী হাসিনা মহিউদ্দিনকে ডেকে মঞ্চে তোলেন।

রোববার সকাল সোয়া ১০টায় চট্টগ্রাম বিভাগের ছয়টি সাংগঠনিক জেলার প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয় নগরের পাঁচলাইশ থানাধীন একটি কমিউনিটি সেন্টারে। প্রধান অতিথি ওবায়দুল কাদের ঘটনার সময় মঞ্চে উপস্থিত ছিলেন না। মঞ্চে ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোশাররফ হোসেন, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক, পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর ছাড়াও একাধিক সাংসদ, কেন্দ্রীয় ও স্থানীয় নেতা।

এ ঘটনায় হাসিনা মহিউদ্দিনের অনুসারী নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। ঘটনাস্থলেই এর প্রতিবাদ করেছেন নগর যুবলীগের আহ্বাক মহিউদ্দিন বাচ্চু।

এ বিষয়ে জানতে চাইলে মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘প্রতিনিধি সভার মঞ্চে কে থাকবেন আর কে থাকতে পারবেন না, তা দলীয় ফোরামে সিদ্ধান্ত হয়। মঞ্চ মন্ত্রী, সাংসদ ছাড়াও কেন্দ্রীয় নেতা এবং জেলা কমিটির সভাপতি, সম্পাদক ও নগর কমিটির সহসভাপতিদের জন্য বরাদ্দ ছিল। এর বাইরে যাঁরা ওঠেন, তাঁদের বিনীতভাবে নেমে যেতে বলেছি।’

মেয়র নাছিরের ভাষ্য, ‘শৃঙ্খলা রক্ষার স্বার্থে আমি তাঁদের নেমে যেতে বলেছি। এটা নিয়ে রাজনীতি করা দুঃখজনক।’

অন্যদিকে হাসিনা মহিউদ্দিন গণমাধ্যমে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

এ ঘটনায় হাসিনা মহিউদ্দিনের অনুসারী ছাত্রলীগ,যুবলীগ প্রতিবাদ কর্মসূচীর মাধ্যমে ঘটনার সমালোচনা করেন এবং নানাসময় আলোচনা-সমালোচনায় থাকা মহানগর ছাত্রলীগের সাবেক সা.সম্পাদক নুরুল আজিম রনি বিকাল ৩ টায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন।

এদিকে মরহুম এবিএম মহিউদ্দিন চৌধুরীর সহধর্মিণী, নগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিনকে অপমানিত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এম.ই.এস কলেজ ছাত্রলীগ/ছাত্র সংসদের নেতারা।