Site icon CPLUSBD.COM

কে বেশি লাভবান হলো? পিএসজি নাকি মেসি?

স্পোর্টস ডেস্ক: বার্সেলোনা ছেড়ে ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। মঙ্গলবার রাতে আনুষ্ঠানিকভাবে ফ্রান্সের ক্লাব পিএসজির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলার।

আগামী দুই মৌসুমের জন্য মেসির সঙ্গে চুক্তি করছে পিএসজি। যা দুই পক্ষের ইচ্ছায় ২০২৪ সাল পর্যন্ত বাড়ানো সম্ভব। আর প্রতি মৌসুমে ৩৫ মিলিয়ন ইউরো পাবেন তিনি। যা বাংলাদেশি মুদ্রায় ৩৪৮ কোটি ৩২ লাখ টাকারও বেশি। ট্যাক্স বাদ দিয়ে মেসির পকেটে ঢুকবে মোট ৩০ মিলিয়ন ইউরো তথা ২৯৮ কোটি ২২ লাখ টাকা।

তবে মেসিকে পিএসজিতে নিয়ে মেসির লাভ বেশি হলো নাকি পিএসজির লাভ বেশি তাও ভাবতে বসেছেন অনেকেই। কেননা লিওনেল মেসিকে পিএসজি পেয়েছে বিনামূল্যে। অবশ্যই বেতন দিতে হবে, কিন্তু মেসির বার্সেলোনার সাথে চুক্তির মেয়াদ ফুরিয়ে যাওয়ায় আর বাড়তি অর্থ প্রয়োজন হয়নি পিএসজি’র প্রেসিডেন্ট নাসের আল খেলাইফির।

শুধু কি তাই? মেসিকে দলে নেয়ার পর থেকে সবকিছুই যেন পালটে যেতে শুরু করেছে পিএসজির। মেসির পিএসজিতে এই আগমন প্রভাব ফেলতে শুরু করেছে মাঠ ও মাঠের বাইরেও। বাড়তে শুরু করেছে ফেসবুক পেইজের ফ্যান ফলোয়ার। যা প্রতি সেকেন্ডে বেড়েই চলেছে।

তাছাড়া পিএসজির অফিশিয়াল ফ্যান টোকেনের কথাই ধরুন। মেসি পিএসজিতে আসবেন, এ খবর মোটামুটি চাউর হওয়ার সঙ্গে সঙ্গে এই ফ্যান টোকেনের মূল্য বেড়ে গেছে ৪৩ শতাংশ।

ইতিমধ্যেই ৩০ নং জার্সি নিয়ে মেসির ছবি ভাইরাল নেট দুনিয়ায়, এই জার্সি পরেই খেলবেন মেসি। আর মেসির এই জার্সি কিনতে অনলাইনে এবং ফ্রান্সের লোকাল শপে ভীড় জমিয়েছে মেসি ভক্তরা। ৩০ মিনিটেই শেষ হয়ে যায় সব জার্সি। ধারণা করা হচ্ছে কেবল জার্সি বিক্রি করেই মেসির মুল বেতনের কয়েক গুন বেশি টাকা তুলে ফেলতে পারবে পিএসজি।

মেসির প্রতিটি জার্সি জন্য মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫৭.৯৯ ইউরো। বাংলাদেশি মুদ্রায় ১৫ হাজার ৭২০ টাকা। মেসির ৫ লাখ পিস জার্সি সেল হলে টোটাল রেভিনিউ দাঁড়ায় প্রায় ৮০ মিলিয়ন ইউরো। ৫৫% কস্ট অফ গুডস সোল্ড (COGS) বাদ দিলে গ্রস প্রফিট দাঁড়ায় ৩৫ মিলিয়ন ইউরো যা মেসির বেতনের সমান। আর যদি ১ সিজনে ১৫ লাখ পিস জার্সি বিক্রি হয় তাহলে তা কত হয় একবার হিসাব করে দেখুন!

তাছাড়া পিএসজির স্টেডিয়াম ভিজিট মিউজিয়াম ভিজিট, ম্যাচ টিকেট প্রাইস বাড়বে, ব্রান্ড ভ্যালু, স্পন্সরদের টাকা এইগুলোর কথাতো বাদই দিলাম। আসলে মেসিকে কেন্দ্র করে পিএসজি যা আয় করবে তার আট ভাগের এক ভাগও তার পিছনে খরচ করতে হবে না পিএসজিকে।

তাহলে একবার চিন্তা করে দেখুন কে বেশি লাভবান হলো, মেসি না কি পিএসজি? যার মালিক আবার বিশ্বের অন্যতম ধনী দেশ কাতার।