নিউজটি শেয়ার করুন

কোনো পরিবর্তন ছাড়াই কণ্ঠভোটে পাস অর্থবিল

সিপ্লাস ডেস্ক: প্রস্তাবিত বাজেটে কোনো পরিবর্তন ছাড়াই পাস হলো সরকারের ২০২১-২২ অর্থবছরের জন্য অর্থ বিল। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের মঙ্গলবার (২৯ জুন) সকালের অধিবেশনে কণ্ঠভোটে পাস হয় এ বিল।

এসময় অর্থবিলের ওপর কয়েকজন সদস্যের আনা কয়েকটি সংশোধনী প্রস্তাব গ্রহণ করা হয়। বাকিগুলো কণ্ঠভোটে বাতিল হয়ে যায়। পরে তিনি অর্থবিল পাসের অনুরোধ জানালে স্পিকার তা ভোটে দেন। এসময় উপস্থিত সদস্যদের কণ্ঠভোটে পাস হয় অর্থবিল। করোনা সংকটের কারণে অনেক সংসদ সদস্যের সংশোধনী প্রস্তাব গ্রহণ করা হয়নি।
মঙ্গলবার (২৯ জুন) জাতীয় সংসদে উত্থাপিত আগামী ২০২১-২০২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে অর্থমন্ত্রী বলেন, অনেক সংসদ সদস্য সংশোধনী প্রস্তাব করেছিলেন। কিন্তু করোনা সংকটে সবার সংশোধনী গ্রহণ করা হয়নি। বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন ও কর ফাঁকি বন্ধ করতে রাজস্ব বোর্ডের কার্যক্রম স্বংক্রিয় করা হবে।

বাজেটে কালো টাকা সাদা করার বিধান তুলে দেওয়া, আমদানি করা গাড়ির উপর অতিরিক্ত কর প্রত্যাহার, ব্যক্তি শ্রেণির করমুক্ত আয়ের সীমা বাড়ানো, দুর্নীতি বন্ধ করে স্বাস্থ্যখাত ঢেলে সাজাতে অর্থবিলে বিরোধীদলীয় কিছু সংসদ সদস্য প্রস্তাব দেন। করোনা সংকটে রাজস্ব আয়ের বিশাল লক্ষ্যমাত্রা নির্ধারণে সংসদে বাজেটের সমালোচনা করা হয়।

অর্থমন্ত্রী বলেন, এবার আমরা রাজস্ব বোর্ডের কার্যক্রম অটোমেশন করবোই। শিল্পখাতে কালো টাকা বিনিয়োগে দেওয়া ‘বিশেষ’ সুযোগ অব্যাহত রাখা হচ্ছে। এমন সব সুবিধা রেখে জাতীয় সংসদে বিলটি পাস হয়েছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত ও তালিকাবহির্ভূত কোম্পানির করপোরেট কর হ্রাস, ব্যবসা প্রতিষ্ঠানের টার্নওভারের ওপর ন্যূনতম কর হ্রাস, এক ব্যক্তির কোম্পানির করপোরেট কর হ্রাস, আইটি ও লাইট ইঞ্জিনিয়ারিং খাতে কর অবকাশ সুবিধা এবং ভ্যাটের আগাম কর হ্রাস অন্যতম।

বিনিয়োগ সহজ ও উৎসাহী করতে শিল্পের কাঁচামাল কেনার ক্ষেত্রে ক্রসচেকের শর্ত শিথিল করা হয়েছে। বর্তমানে ৫০ হাজার টাকার বেশি কাঁচামাল কিনলে সেক্ষেত্রে চেকে লেনদেনের বিধান চালু আছে। এটি বাড়িয়ে পাঁচ লাখ টাকা করা হয়েছে। এখন থেকে পাঁচ লাখ টাকার কম টাকার কাঁচামাল কিনলে চেকে লেনদেনের বাধ্যবাধকতা থাকছে না। এতে শিল্প উদ্যোক্তারা কিছুটা হলেও স্বস্তি পাবেন।

এবারের অর্থবিলে কর্মীদের বেতন পরিশোধে নতুন নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। কর্মীদের বেতন-ভাতা ও সম্মানির পরিমাণ ১৫ হাজার টাকার বেশি হলে তা ক্রসচেক বা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে করার বিধান রয়েছে। তা না হলে এই খাতে ব্যয় করা অর্থ আয় হিসাবে দেখানো হয় না।