নিউজটি শেয়ার করুন

কোপা আমেরিকায় আর্জেন্টিনা দলে নেই যে চার তারকা ফুটবলার

কোপা আমেরিকায় আর্জেন্টিনা দলে নেই যে চার তারকা ফুটবলার

ফরহাদ সিকদার: কোপা আমেরিকায় ইতিমধ্যেই নিজেদের অবস্থান জানান দিয়েছে আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির দল এর মধ্যে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে আছে আর্জেন্টিনা।

লিওনেল মেসির পাশাপাশি দি মারিয়া, আগুয়েরোর মতো তারকারা থাকলেও এবার কোপা আমেরিকার আর্জেন্টিনা দলে নেই পাওলো দিবালা, মাওরো ইকার্দি, এরিক লামেলা এবং ম্যাক এলিস্টারের মতো তারকারা । এমনকি আসন্ন ফিফা বিশ্বকাপের বাচাই পর্বের স্কোয়াডেও নেই তারা। অনেক আর্জেন্টাইন ভক্তরা মনে করছেন হয়তো তারা দলে থাকলে কোপা আমেরিকা জয় অনেক বেশি সহজ হতো আর্জেন্টিনার।

তবে কেন কোপা আমেরিকার আর্জেন্টাইন স্কোয়াডে নেই এই চার তারকা! চলুন জেনে নেয়া যাক-

পাওলো দিবালা (Paulo Dybala):
সম্প্রতি ইনজুরি থেকে সেরে উঠা পাওলো দিবালাকে স্কোয়াডে রাখেননি আর্জেন্টাইন কোচ স্কালোনি। জুভেন্টাসের হয়ে সিরিয়া-এ’তে ইনজুরির কারণে খুব একটা ভালো করতে পারেননি আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। ফলে কোচ স্কালোনির স্কোয়াড থেকে বাদ পড়েছেন দিবালা।

দিবালার প্রসঙ্গে কোচ লিওনেল স্কালোনি বলেছেন, দিবালাকে দলে না রাখতে পেরে আমার নিজেরই খুব খারাপ লাগছে। কিন্তু আমাদের মাথায় রাখতে হয়েছে দলের জন্য পুরোপুরি ফিট যারা তাদেরকেই জায়গা দিতে হবে। যেসব খেলোয়াড় ইনজুরিতে পড়েছেন এবং ইনজুরি থেকে সবেমাত্র খেলায় ফিরেছেন তাদেরকে সাথে সাথে দলে জায়গা দিতে পারিনা। দিবালা এখনো পুরোপুরি ফিট না বলেই তাকে বাদ দেয়া হয়েছে।

তবে দিবালা ইনজুরি কাটিয়ে ফর্মে ফিরলে আবারো মাঠ কাঁপাবেন এমনটাই প্রত্যাশা তার ভক্তদের। শুধু তাই নয়, আগামি মৌসুমে জুভেন্টাসে নাও থাকতে পারেন ক্রিস্টিয়ানো রোনালদো ফলে ক্লাবের চোখ এখন দিবালার দিকেই।

Paulo-Dybala
পাওলো দিবালা

মাওরো ইকার্দি (Mauro Icardi):
তবে দিবালা দলে না থাকলেও কোচ স্কালোনির যে সিদ্ধান্ত আর্জেন্টাইন ভক্তদের সবচেয়ে বেশি অবাক ও হতাশ করেছে তা হলো প্যারিস সেন্ট জার্মেইনে দুর্দান্ত ফর্মে থাকা মাওরো ইকার্দিকে বাদ দেয়া। ক্লাব মৌসুমে ২৮ ম্যাচে ১৩টি গোল করেছেন এই ফরোয়ার্ড এবং গোল এসিস্ট ছিলো ৬টি।

তবে ইকার্দির ব্যাপারে কোচের যুক্তি হলো- লাওতারো মার্টিনেজ, সার্জিও আগুয়েরো এবং লিওনেল মেসির মতো তিনজন ফরোয়ার্ডতো দলে আছেনই সেখানে কাকে বাদ দিয়ে ইকার্দিকে দলে ডুকাবেন?

যদিও, ইকার্দি বরাবরই আর্জেন্টাইন জাতীয় দলে উপেক্ষিত থাকেন বলে গুঞ্জন আছে। কেননা গত ২০১৮ সালের ফিফা বিশ্বকাপেও জায়গা পাননি আর্জেন্টিনার অন্যতম এই ফরোয়ার্ড। অনেকের ধারনা আর্জেন্টিনার সাবেক এক ফুটবলারের বউয়ের সাথে ইকার্দির পরকিয়ার কারণেই দলীয় শৃংখলা রক্ষায় তাকে জাতীয় দলে জায়গা দেয়া হচ্ছে না।

মাওরো ইকার্দি
মাওরো ইকার্দি

এরিক লামেলা (Erik Lamela):
ক্যারিয়ারে শুরুর দিকে সবাইকে চমকে দিয়েছিলেন আর্জেন্টাইন মিডফিল্ডার এরিক লামেলা। এমনকি তিনি এবছরের এপ্রিলে ২০২১-২০২২ প্রিমিয়ার লীগে তার ‘রাবোনা’ গোলের জন্য ‘গোল অব দ্যা সিজন’ কেতাবও জিতেছিলেন। কিন্তু ক্রমাগত ইনজুরির কারণে নিজের সেরাটা কখনোই দিতে পারেননি এই মিডফিল্ডার।

ফলে গিদো রদ্রিগেস, প্যালাসিও, রর্বাতো পেরেইরা, রদ্রিগো দে পল ও অ্যাঞ্জেল ডি মারিয়াদের ভিড়ে লামেলাকে রাখা ঝুকিপুর্ন মনে করেছেন কোচ স্কালোনি।

এরিক লামেলা
এরিক লামেলা

এলেক্সিস ম্যাক আলিস্টার (Alexis Mac Allister):
আর্জেন্টাইন জাতীয় দলের হয়ে মাত্র দুট ম্যাচ খেলেছিলেন ২২ বছর বয়সি মিডফিল্ডার এলেক্সিস ম্যাক আলিস্টার। অনুর্ধ্ব ২৩ দলের হয়ে খেলেছেন দুর্দান্ত । দেখতে অনেকটা লিওনেল মেসির মতো, খেলেনও ১০ নাম্বার জার্সি গায়ে। অসাধারন বল কন্ট্রোল, ড্রিবলিং থেকে শুরু করে যেকোন পজিশনেই খেলতে পারদর্শী এই ফুটবলার বর্তমানে খেলছেন ইংলিশ ক্লাব ব্রাইটন ও হোভ অ্যালবায়নের হয়ে।

তবে কোপা আমেরিকা কিংবা বিশ্বকাপ বাচাই পর্বে তাকে দেখা না গেলেও হয়তো অলিম্পিকে তার খেলা উপভোগ করতে পারবেন আর্জেন্টাইন ভক্তরা। কিংবা কোচ স্কালোনির মন গললে বিশ্বকাপের মুল দলে জায়গাও হয়ে যেতে পারে সম্ভাবনাময় এই আর্জেন্টাইন তারকার।

এলেক্সিস ম্যাক আলিস্টার
এলেক্সিস ম্যাক আলিস্টার

কোপা আমেরিকায় বাংলাদেশ সময় সোমবার ভোরে বলিভিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ইতিমধ্যেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হওয়া আর্জেন্টাইন দলের জন্য বলিভিয়ার বিপক্ষে ম্যাচটি শুধুই আনুষ্ঠানিকতার। ফলে কোয়ার্টার ফাইনালে মেসিকে ফুরফুরে শরীরে পেতে বলিভিয়ার বিপক্ষে বিশ্রাম দেওয়া হতেও পারে বলে ধারণা করা হচ্ছে।