সিপ্লাস ডেস্ক: মহামারী আকারে ছড়িয়ে পড়া নতুন করোনাভাইরাসে যুক্তরাজ্যে মৃত্যুর সংখ্যা ৩২ হাজার ছাড়িয়ে গেছে।
এ সংখ্যা ইতালিতে কোভিড-১৯ এ মোট মৃত্যুর চেয়ে বেশি, বলছে বার্তা সংস্থা রয়টার্স।
পর্যবেক্ষকরা বলছেন, বিপুল সংখ্যক এ মৃত্যু যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের ওপর বড় ধরনের রাজনৈতিক চাপ সৃষ্টি করবে বলে অনুমান করা হচ্ছে। ইউরোপের অন্য দেশগুলোর তুলনায় এ টোরি নেতা তুলনামূলক দেরিতে লকডাউনের ঘোষণা দিয়েছিলেন।
বিভিন্ন দেশে আলাদা আলাদা পদ্ধতিতে আক্রান্ত-মৃত্যুর হিসাব রাখায় দেশগুলোর মধ্যে তুলনা করার ক্ষেত্রে জটিলতা দেখা দিতে পারে বলে সতর্ক করলেও রয়টার্স বলছে, ইউরোপের অন্য দেশগুলোর তুলনায় পরে আঘাত হানলেও করোনাভাইরাসে মহাদেশের মধ্যে যুক্তরাজ্যই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে আগেই আশঙ্কা করা হচ্ছিল।
মঙ্গলবার যুক্তরাজ্য সরকার তাদের সাপ্তাহিক হিসাবে ইংল্যান্ড ও ওয়েলসে আরও ৭ হাজার জনের মৃত্যুর খবর দিলে মোট মৃত্যুর সংখ্যা ৩২ হাজার ৩১৩ জনের দাঁড়ায়।
এর মাধ্যমে দেশটি নতুন করোনাভাইরাসে মৃতের সংখ্যায় ইতালিকে ছাড়িয়ে ইউরোপের মধ্যে সবার উপরে স্থান করে নিল।
বিরোধী দলগুলো যুক্তরাজ্যের এ পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রীর দেরিতে লকডাউন ঘোষণাকে দায়ী করছে। ক্ষমতাসীনদের বিরুদ্ধে আক্রান্ত শনাক্তে বিপুল সংখ্যক মানুষকে পরীক্ষা এবং হাসপাতালগুলোতে পর্যাপ্ত সুরক্ষা উপকরণ দিতে গড়িমসিরও অভিযোগ করছে তারা।








