নিউজটি শেয়ার করুন

কোভিড-১৯: স্বরাষ্ট্রমন্ত্রীর তিন পরীক্ষায় দুই ফল

ফাইল ছবি

সিপ্লাস ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের তিনটি প্রতিষ্ঠানে করোনাভাইরাস পরীক্ষায় দুই ধরনের ফল এসেছে।

তিন দিনের মধ্যে এই তিন প্রতিবেদন হাতে আসায় স্বরাষ্ট্রমন্ত্রী আসলেই সংক্রমিত হয়েছেন কি না, তা নিয়ে ধোঁয়াসা তৈরি হয়েছে।

বাসায় কোয়ারেন্টিনে থাকা মন্ত্রীর চুতর্থ দফায় পরীক্ষার জন্য মঙ্গলবার সকালেও নমুনা দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু জানিয়েছেন।

সর্বশেষ গত বৃহস্পতিবার প্রকাশ্য অনুষ্ঠানে এসেছিলেন ৭০ বছর বয়সী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল। ওই দিন চট্টগ্রামের বাঁশখালীতে জলদস্যুদের অস্ত্র সমর্পণ অনুষ্ঠানে গিয়ে র‌্যাবপ্রধানের করোনাভাইরাস সংক্রমিত হওয়ার তথ্য জানিয়েছিলেন তিনি।

এরপর শনিবার গণভবনে কোস্টগার্ডের এক অনুষ্ঠান সামনে রেখে শুক্রবার সকালে করোনাভাইরাস পরীক্ষার নমুনা দেন তিনি। আইইডিসিআর-এ পরীক্ষার ওই প্রতিবেদন রাতে এলে সেখানে ‘পজিটিভ’ আসায় শনিবার প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ওই অনুষ্ঠানে আর যোগ দেননি তিনি।

তবে এরপরেও ভাইরাস সংক্রমণ নিয়ে সংশয় কাজ করায় রোববার সকালে ফের নমুনা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে পরীক্ষার প্রতিবেদন রাতে এলে তাতে ‘নেগেটিভ’ আসে বলে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা অপু জানান।

তিনি বলেন, দুই জায়গায় দুই ধরনের ফল আসায় সোমবার সকালে ফের মন্ত্রীর নমুনা দেওয়া হয় পরীক্ষার জন্য। এবার পরীক্ষা হয় ধানমন্ডির ডিএমএফআর মলিকুলার ল্যাব ও ডায়াগনস্টিক সেন্টারে। এই পরীক্ষার ফলও ‘নেগেটিভ’ এসেছে।

“স্যার ভালো এবং শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ আছেন; বাসায় কোয়ারেন্টিনে রয়েছেন,” বলেন স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা।

এদিকে করোনাভাইরাস সংক্রমণ নিয়ে রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনও ‘ভালো আছেন’ বলে বাহিনীর মিডিয়া উইংয়ের পরিচালক আশিক বিল্লাহ জানিয়েছেন।

তবে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শুক্রবার রাতে নুমনা দিয়ে পরীক্ষায় পজিটিভ আসা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীনের পরবর্তী অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি।