Site icon CPLUSBD.COM

কৌটায় ম্যাচের কাঠি দিয়ে বোমা তৈরির সময় বিস্ফোরণে কিশোর আহত

সিপ্লাস ডেস্ক: বরিশালের মেহেন্দিগঞ্জে বোমা তৈরির সময় বিস্ফোরণে রাকিব মাল (১৮) নামের এক কিশোর আহত হয়েছে। আহত কিশোর ওই এলাকার দিনমজুর কালাম মালের ছেলে। সে স্থানীয় একটি ওয়ার্কশপে কাজ করে। নিজ ঘরে বোমা তৈরির সময় বিস্ফোরণে সে আহত হয়। তাকে গুরুতর অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আন্ধারমানিক এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে রাকিবদের ঘরের ভেতর থেকে বিকট শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে যায়। এ সময়ে রাকিবকে রক্তাক্ত অবস্থায় ঘরের সামনে পড়ে থাকতে দেখে দ্রুত নিকটবর্তী পাশ্ববর্তী হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয় হয়। খবর পেয়ে হিজলা থানা পুলিশ তাকে সেখান থেকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

আহত রাকিবের সাথে আসা তার খালা আলোয়া বেগম বলেন, রাত ১০ দিকে রাবিকের মা আমাদের ফোন দিয়ে জানায় ম্যাচের কাঠি দিয়ে বোমা বানাতে গিয়ে সে আহত হয়েছে। রাকিবকে যেন হাসপাতালে নিয়ে যাই। ঘটনার সময়ে ঘরে তার ছোট ভাই্ও ছিলো। তবে সে অক্ষত আছে। রাকিব স্থানীয় একটি ওয়ার্কশপে কাজ করে। আর তার বাবা কালাম মাল একটি ছ-মিলে শ্রমিকের কাজ করে।

স্থানীয়রা জানান, বিকট শব্দ শুনে প্রথমে আমরা ভেবেছিলাম বিদুতের ট্রান্সমিটার ব্লাস্ট (বিস্ফোরণ) হয়েছে। কিন্তু রাকিবদের ঘরের কাছে গিয়ে দেখি দুই হাত রক্তাক্ত অবস্থায় ঘরের সমানে পড়ে আছে সে। আর ঘরের ভেতর থেকে কেমন যেন একটা ঝাঁঝালো গন্ধ বের হচ্ছে।

হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার শাহরাজ হায়ৎ জানান, রাকিবের দুই হাতই গুরুতর জখম হয়েছে। দুই হাতেই পোড়া ক্ষত রয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মেহেন্দিগঞ্জের কাজীরহাট থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, রাকিব ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী ম্যাচের কাঠি দিয়ে একটি কৌটায় বোমা বানানোর চেষ্টা করছিলেন রাকিব। এসময় সেটা বিস্ফোরিত হয়ে গুরুতর আহত হয় সে। ঘটনার পর পরই রাকিবের বাবা-মাসহ অন্যরা ঘর তালাবদ্ধ করে আত্মগোপনে চলে গেছে। আহত রাকিবের ঘর তালাবদ্ধ রাখা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি নিয়েছে।