নিউজটি শেয়ার করুন

ক্ষমতা থেকে আ’লীগ বিদায় না হওয়া পর্যন্ত মৃত্যু চাই না: রব

ক্ষমতা থেকে আওয়ামী লীগ বিদায় না হওয়া পর্যন্ত নিজের মৃত্যু চান না জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তীব্র সমালোচনা করে আ স ম আবদুর রব বলেন, জীবনে অনেক নির্বাচন দেখেছি। আইয়ুব খানের নির্বাচন দেখেছি, এরশাদের নির্বাচন দেখেছি। এবার ২৯ ডিসেম্বর রাতে ভোট চুরির নির্বাচন দেখেছি। বয়স অনেক হয়েছে। আওয়ামী লীগের বিদায় না হওয়া পর্যন্ত আমার মৃত্যু চাই না।’

আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, ‘ড. কামাল হোসেন, আপনি বলুন, আমরা যারা ঐক্যফ্রন্টে আছি তারা আন্দোলন করব। আপনাকে রাস্তায় নামতে হবে না। আমার শরীরের এখনো অনেক গুলির চিহ্ন আছে। আমি কোনো ভয় করি না।’

বিচারকরা স্বাধীনভাবে কাজ করেত পারেন না অভিযোগ করে রব বলেন, তারা শেখ হাসিনার প্রশাসনের নির্দেশ অনুযায়ী রায় দেন। যাদের খালাস পাওয়ার কথা, তারা সাজা পায়। আর সাজাপ্রাপ্তদের খালাস দিয়ে কোর্টের বারান্দা পর্যন্ত এগিয়ে দেন বিচারকরা।

আলোচনা সভায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, আওয়ামী লীগ সরকার বলে তারা অবৈধ নয়, তাদের সঙ্গে জনগণ আছে। তারা বলে ৩০ ডিসেম্বর নির্বাচন না হলে জনগণ আন্দোলন করে না কেন? আমি তাদের বলতে চাই, বিশ্বে ৩০ থেকে ৩২ বছর স্বৈরাচার ক্ষমতায় থাকার উদাহরণ আছে। তাহলে কি এই দীর্ঘ সময় স্বৈরাচার সরকার বৈধ ছিল?

তিনি বলেন, দেশে যারা এখন রাষ্ট্রক্ষমতায় আছেন, তারা এককথায় ডাকাত। তারা ভোট ডাকাতি করে একবছর, দুই বছর বা পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারবেন। দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবেন না। আপনাদের ক্ষমতা থেকে যেতে হবে। এখনও সময় আছে, ভালোভাবে ক্ষমতা ছাড়ুন। দেশে আন্দোলন হবে, আওয়ামী লীগকেও ক্ষমতা থেকে যেতে হবে।

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, জেএসডির সহসভাপতি তানিয়া রব, সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, বিকল্প ধারার সভাপতি অধ্যাপক নুরুল আমিন বেপারীসহ অন্যরা।