Site icon CPLUSBD.COM

খাগড়াছড়িতে রোলার চাপায় শ্রমিক নিহত

সিপ্লাস প্রতিবেদক: খাগড়াছড়িতে সড়কের কাজ করার সময় রোলারের চাপায় জাফর আলী নামে এক শ্রমিক মারা গেছে। এ ঘটনায় পর্বত আলী নামের আরেকজন শ্রমিক আহত হয়েছেন।

শনিবার(৮মে) বিকেলে খাগড়াছড়ি সদরের সার্কিট হাউজের সামনে খাগড়াছড়ি পৌরসভার বাস্তবায়িত সড়কের কাজ চলাকালে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ রশীদ বলেন, সার্কিট হাউজের ঢালু সড়কে পিচ ঢালাইয়ের কাজ চলাকালে চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে রোলারটি শ্রমিকদের চাপা দেয়। সাথে সাথেই অন্য শ্রমিকরা আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেয়ার পর জাফর আলীর মৃত্যু হয়। রোলার চালক ঘটনার পর থেকে পলাতক রয়েছে।

নিহতের স্বজনরা এ বিষয়ে মামলা করতে রাজি নয় বলে জানিয়েছেন ওসি।