Site icon CPLUSBD.COM

খাগড়াছড়িতে সেনা অভিযানে ইউপিডিএফ অস্ত্রধারী সন্ত্রাসী আটক

সিপ্লাস প্রতিবেদক: খাগড়াছড়িতে সেনা অভিযানে ইউপিডিএফ(মূল) এর অস্ত্রধারী এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে খাগড়াছড়ির পানছড়িতে সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে কল্যাণ জ্যোতি চাকমা( ২১) নামে এই সন্ত্রাসীকে আটক করা হয়।

পানছড়ি থানা পুলিশ জানায়,  গোপন তথ্যের ভিত্তিতে লোগাং জোনের অন্তর্গত পুজগং বাজার এলাকায় ইপিডিএফ (মূল) এর দুইজন কালেক্টর চাঁদাবাজি করছে এই সংবাদ পেয়ে পানছড়ি আর্মি ক্যাম্প হতে একটি বি টাইপ টহল এবং লোগাং বিজিবি জোন হতে একটি বি টাইপ টহল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়।অভিযানের সময় সন্ত্রাসী ও নিরাপত্তাবাহিনীর মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

পরে ঘটনাস্থল থেকে কল্যাণ জ্যোতি চাকমাকে গুলিবিদ্ধ অবস্থায় অস্ত্রসহ আটক করা হয়। এসময় আরেক সন্ত্রাসী রিপন ত্রিপুরা( ২২) পালিয়ে যায়।

পরবর্তীতে কল্যাণ জ্যোতি চাকমার কাছ থেকে একটি দেশীয় পিস্তল, দুই রাউন্ড গুলি, তিনটি মোবাইল, ১১ হাজার টাকাসহ চাঁদাবাজির রশিদ, ইপিডিএফ (মূল) এর গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করা হয়।

নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান শেষে উক্ত সন্ত্রাসীকে আটক করে পানছড়ি সেনা ক্যাম্পে নিয়ে আসে এবং প্রাথমিক চিকিৎসা শেষে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে পানছড়ি থানা পুলিশে সোপর্দ করা হয়।

উল্লেখ্য, কল্যাণ জ্যোতি চাকমাকে এর আগে ২০১৬ সালের ২৯ জুন পুলিশ গ্রেফতার করেছিল। তার নামে একটি অস্ত্র মামলা চলমান রয়েছে ।