নিউজটি শেয়ার করুন

খাগড়াছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফের ৪ সদস্য আটক

সিপ্লাস প্রতিবেদক: খাগড়াছড়ি জেলার গুইমারায় সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে ইউপিডিএফ (প্রসিত) গ্রুপের চারজন সদস্যকে আটক করেছেন।

সোমবার (২৮ জুন) দিনগত গভীর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাইল্যাছড়ি সাইন বোর্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।

অভিযানে তাদের কাছে একটি এলজি, একটি অ্যামোনেশন, পাঁচটি মোবাইল, একটি চাঁদা আদায়ের রশিদ বই এবং নগদ টাকা জব্দ করা হয়।

গুইমারা রিজিয়নের জিএসও -২ (ইন্ট) মেজর তাজুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে।

আটকরা হলেন- বাইল্যাছড়ি এলাকার টোক্কা চাকমার ছেলে বনসিং চাকমা (৪৫), একই এলাকার মংলাপ্রু মারমার ছেলে থোইচিং মারমা (২০), রাঙ্গামাটি কাউখালীর রাজু মারমার ছেলে জুকের মারমা (১৯) ও মাটিরাংগা বৌদ্ধ মন্দির পাড়া এলাকার সুইপা মারমার ছেলে উকাচিং মারমা (২৮)। পরে আটকদের গুইমারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।