নিউজটি শেয়ার করুন

খাগড়াছড়িতে চাঁদের গাড়ি উল্টে নিহত ২

সিপ্লাস প্রতিবেদক: খাগড়াছড়ি সদরের বড় পাড়া সড়কের আমলাই হাদুক পাড়ায় চাঁদের গাড়ি উল্টে দুইজন নিহত হয়েছেন।

বুধবার দিবাগত রাত সাড়ে ১১টা দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হরেন্দ্র ত্রিপুরা (৫৫) ও গনেশ্বর ত্রিপুরা। তাদের বাড়ি আমলাই হাদুক পাড়া গ্রামে। নিহত হরেন্দ্র ত্রিপুরা ৩ ছেলে ও ৪ মেয়ে সন্তানের বাবা এবং গনেশ্বর ত্রিপুরা ২ ছেলে ও ২ মেয়ের বাবা বলে জানা গেছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রশিদ ও ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরিমল ত্রিপুরা জানান, বৃহস্পতিবার খাগড়াছড়ি বাজারে গাছ রেখে চাঁদের গাড়িতে করে বাড়িতে ফিরছিলেন কয়েকজন।

পথে আমলাই হাদুক পাড়া পৌঁছালে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে গেলে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় দেব ত্রিপুরা ((৩৮), রহেন ত্রিপুরা (৩২) ও  চয়ন ত্রিপুরা (১৮) আহত হন।

আহতদের খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। খাগড়াছড়ি হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. পূর্ণ জীবন জানান আহতরা শঙ্কামুক্ত।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রশিদ জানান, ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে পরিবারের কাছ থেকে মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।